ফিরছেন লোহান
দীর্ঘ বিরতির পর ‘ইনকনসিভেবল’ সিনেমাটি প্রযোজনার মধ্য দিয়ে কাজে ফিরছেন হলিউডি অভিনেত্রী লিন্ডজি লোহান। প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি।
কন্টাক্টমিউজিক জানায়, হলিউডের প্রবলেম সেলিব্রেটি হিসেবে পরিচিত লোহান পানাসক্তিসহ বিভিন্ন কারণে এ পর্যন্ত বেশ কয়েকবার গিয়েছেন রিহ্যাবে। সম্প্রতি ৯০ দিনের আদালতের নির্দেশের আওতায় ছিলেন তিনি। সব কিছু পার হয়ে এবার নতুনভাবে শুরু করতে চাইছেন তিনি।
ইউটাতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে সম্প্রতি লোহান বলেন, “এর আগে এই উৎসবে আসার সৌভাগ্য হয়নি। এখন মনে হচ্ছে আমি নতুন করে সব কিছু শুরু করতে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “ছোটবেলা থেকেই যাদের দেখে আসছি, তাদের সঙ্গে আবারও একই ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাওয়া দারুণ একটি উত্তেজনার বিষয়।”
লোহান আরও বলেন, “আসলে যে কাজটি করতে বেশি ভালো লাগে, সে কাজ করতে পারাটাই অসাধারণ। আর সেখানে আমি সম্পূর্ণ নতুন করে সব কিছু শুরু করতে যাচ্ছি। আমি দারুণ উত্তেজিত।”
লোহান প্রযোজিত এবং অভিনীত সিনেমাটির শুটিং শুরু হবে মার্চ মাসে। প্রযোজক এবং ফাইন্যান্সার রেন্ডাল এমেটের মতে, তরুণ প্রজন্মের সবচাইতে প্রতিভাবান অভিনেত্রী হলেন লিন্ডজি লোহান।
