মার্শাল আর্ট শিখেছেন মাধুরী
মুক্তি প্রতীক্ষিত‘গুলাব গ্যাং’ সিনেমায় অ্যাকশন দৃশ্যে অভিনয়ের আগেই মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছিলেন মাধুরী দীক্ষিত। তাইকোয়ান্দো প্রশিক্ষণই তার জন্য কাজটি সহজ করে দিয়েছিল বলে জানালেন ওই অভিনেত্রী।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, নবাগত সৌমিক সেনের পরিচালনায় সিনেমাটিতে উত্তর প্রদেশের ‘গুলাব গ্যাং’ নামে একটি নারী সংঘের কাহিনি তুলে ধরা হয়েছে। এই সংঘের সদস্যরা গোলাপি রঙের শাড়ি পরে সমাজে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে থাকে।
নাচ না অ্যাকশন দৃশ্যের অভিনয় কোনটি বেশি কঠিন এমন প্রশ্নের জবাবে মাধুরী বলেন, “আমি তাইকোয়ান্দো প্রশিক্ষণ নিয়েছিলাম। সে কারণেই সিনেমায় অ্যাকশন দৃশ্যগুলোতে অভিনয় করা আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল।”
মাধুরী আরও বলেন, “আমরা কোনো ডুপলিকেট ব্যবহার করিনি। সিনেমায় আমরা যারা আছি, প্রত্যেকেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছি। আমার জন্য কঠিন বা না পারার কোনো কাজ নেই। আমি কঠিন কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পছন্দ করি।”
‘গুলাব গ্যাং’ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন মাধুরী দীক্ষিত এবং জুহি চাওলা। সমসাময়িক এ দুই অভিনেত্রীর আগে অন্য সিনেমায় একসঙ্গে কাজ করার কথা থাকলেও জুহি কাজটি করতে চাননি।
মাধুরী বলেন, “আমি খুবই খুশি যে আমরা একসঙ্গে কাজ করতে পেরেছি। আগে একসঙ্গে কাজ করতে পারিনি এ নিয়ে আমার আফসোস নেই। আমি চাই না কেউ আমাদের তুলনা করুক। সিনেমাতে আমাদের চরিত্র পুরোপুরি ভিন্ন। আমি হিরো আর জুহি ভিলেইন। তবে সিনেমাটিতে আমাদের দুজনের কাজই অসাধারণ হয়েছে।”
মাধুরী বলেন, “সিনেমাটিতে মিষ্টি একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন জুহি। তবে চরিত্রটি খুবই অসাধারণ এবং ভিন্নমাত্রার। জুহির সঙ্গে কাজ করে ভালো লেগেছে।”
অনুভব সিনহার প্রযোজনায় ‘গুলাব গ্যাং’ সিনেমাটির্ নারী দিবসের একদিন আগে মুক্তি পাবে।
