আলো আঁধারের গল্প
শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘আলো আঁধারের গল্প’। মাসুদ চৌধুরীর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন ইমরান হোসেন ইমু।
ধারাবাহিকের তিনটি কেন্দ্রীয় চরিত্র মজিবুল হক ভূঁইয়া, মতিন মাস্টার ও আশরাফ। এই চরিত্রগুলোতে অভিনয় করছেন আমীরুল হক চৌধুরী, ইনামুল হক এবং সাব্বির।
এতে দেখা যাবে, স্বার্থসিদ্ধির জন্য মরিয়া মজিবুল হক ভূঁইয়া একের পর এক অপরাধ করেন। নিজের ছোট ভাইয়ের সম্পদ কুক্ষিগত করা থেকে শুরু করে মাদক পাচার, চোরাচালানসহ অনেক অভিযোগ তার বিরুদ্ধে। ক্ষমতাধর মজিবুলের অন্যায় অপরাধের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন মতিন মাস্টার। তার সঙ্গী হয় তরুণ আশরাফ।
এ নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মনিরা মিঠু, সিদ্দিক, সাব্বির, শাহরিয়ার শুভ এবং ঈশানা।
পরিচালক ইমরান গ্লিটজকে জানিয়েছেন, প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে নতুন এই ধারাবাহিক।
এ ধারাবাহিকের পাশাপাশি নতুন এক ধারাবাহিক নির্মাণ করছেন ইমরান। তিনি জানান, সাগর জাহানের রচনায় ধারাবাহিকের নাম ‘মধ্যবিত্ত সুখ অসুখ’।
এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আবুল হায়াত, ডলি জহুর, চঞ্চল চৌধুরী, নওশীন, শখ, ঈশানা, নিশো।
