হাসির পাত্র
রম্য টেলিফিল্ম ‘হাসির পাত্র’তে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন শামীম শাহেদ ও আজমেরী আশা। মাহফুজ আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করছেন জুয়েল রানা।
জুয়েল রানা গ্লিটজকে জানান, এ টেলিফিল্মে শাহেদ ও আশা অভিনীত দুটি চরিত্রের নাম নুরুল ও সুইটি। ‘জয়নাল’ ও ‘মোমিন’ নামে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ফারুক আহমেদ ও লুৎফুর রহমান জর্জ।
এতে দেখা যাবে, ভাগ্নে নুরুলের বিয়ে নিয়ে উঠেপড়ে লাগেন মামা জয়নাল ও চাচা মোমিন। জয়নাল ও মোমিন নুরুলকে নিয়ে মেয়ে দেখতে গিয়ে নানা হাস্যকর কাণ্ড ঘটান। তাদের কর্মকাণ্ডে রীতিমতো বিরক্ত হয় পাত্রীপক্ষ। একদিন তারা সুইটিদের বাসায় যান। এখানেও ঝামেলা বাঁধান মামা ও চাচা। কিন্তু সুইটির ভালো লেগে যায় নুরুলকে। দুজনেই ফোনালাপ চালিয়ে যেতে থাকেন। তাদের বিয়ে নিয়ে নানা হাস্যকর ঘটনা ঘটতে থাকে।
‘হাসির পাত্র’ টেলিফিল্ম শুক্রবার দুপুর ২টার খবরের পর চ্যানেল আইতে প্রচারিত হবে।
