‘মিলান টকিজ’-এ আয়ুষ্মান
বলিউডি পরিচালক তিগমাংশু ঢুলিয়ার পরবর্তী সিনেমা ‘মিলান টকিজ’-এ অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, একতা কাপুরের প্রযোজনায় ওই সিনেমায় অভিনয়ের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আয়ুষ্মান। অন্যদিকে সিনেমাটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি কিছুই।
এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, “সিনেমাতে আয়ুষ্মানের অভিনয়ের বিষয়ে আলাপ চলছে, তবে এখনও কিছুই নিশ্চিত করা হয়নি।”
শুরুতে সিনেমাটিতে ইমরান খান অভিনয় করবেন বলে জানা যায়। তবে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দুবারা’র প্রচারণা নিয়ে একতার সঙ্গে ইমরানের মনোমালিন্য হলে তাকে হটিয়ে সেখানে উঠে আসে শাহিদ কাপুরের নাম। তবে পরবর্তীতে শাহিদও এতে কাজ করবেন না বলে জানান।
এখনও সিনেমার কেন্দ্রীয় নারীচরিত্রের অভিনেতা নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছেন নির্মাতারা। তারা জানান পছন্দের অভিনেত্রীর তালিকার শীর্ষে রয়েছেন প্রিয়াংকা চোপড়া, শ্রদ্ধা কাপুরসহ আরও কয়েকজন।
ছোট শহরের একটি প্রেমকাহিনি নিয়েই নির্মিত হতে যাচ্ছে ‘মিলান টকিজ’ সিনেমাটি। কয়েকমাসের মধ্যে এর শুটিং শুরু হবে।
