নিজের জন্য ১০ শতাংশ
সালমান খান কখনও তার আয়ের পুরো অর্থ নিজের জন্য খরচ করেননি। বরং আয়ের ১০ শতাংশ নিজের জন্য রেখে বাকি ৯০ ভাগ দাতব্য কাজে ব্যয় করেন তিনি।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, ৪৮ বছর বয়সী ওই অভিনেতা পাঁচ মাস হল নিজের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করছেন। এর আগে তিনি নিজের চেকটিও ইস্যু করতেন না। সালমানের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করতেন তার বাবা সালিম খান এবং বোন আলভিরা। আলভিরা ভাইয়ের চেক এবং ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করে বিরক্ত হয়ে যাওয়ায় নিজে দায়িত্ব নিয়েছেন সালমান।
একদম শুরু থেকেই সালমানের খরচের জন্য আয়ের দশ শতাংশ অর্থ নির্ধারণ করে দিয়েছিলেন তার বাবা। বাকি ৯০ ভাগ দরিদ্র এবং দুস্থ মানুষের জন্য ব্যয় করতেন। বর্তমানে বিয়িং হিউম্যানের চ্যারিটির খাতেই চলে যায় ওই ৯০ ভাগ অর্থ।
আলভিরা বলেন, “সালমান কখনও জানতোও না তার অ্যাকাউন্টে কত টাকা আছে। নিজের টাকার বিষয়ে বরাবরই উদাসীন সে।”
দানশীল হিসেবে বলিউডে বেশ জনপ্রিয় সালমান। কিছুদিন আগে একটি দুস্থ ছেলের চিকিৎসা অর্থের অভাবে বন্ধ হয়ে গেলে সালমান নিজে ডাক্তারদের ফোন করে চিকিৎসার ব্যবস্থা করে দেন। এমন আরও উদাহরণ রয়েছে তার উদারতার।
এদিকে সালমান অভিনীত রাজনীতিভিত্তিক সিনেমা ‘জয় হো’ মুক্তি পাবে ২৪ জানুয়ারি। সিনেমাটিতে সালমানের বিপরীতে থাকছেন নবাগতা ডেইজি সাহা। আরও অভিনয় করেছেন টাবু।
