২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রিপের পুত্রবধূ হোমস!

নিজের ছেলের প্রেমিকা কিংবা স্ত্রী হিসেবে মেরিল স্ট্রিপের প্রথম পছন্দ হলেন কেটি হোমস।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 05:13 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, নতুন সিনেমা ‘দ্য গিভার’-এ একসঙ্গে কাজ করেছেন এই দুই অভিনেত্রী। কাজের খাতিরে এখন তারা হয়েছেন একে অন্যের ভালো বন্ধু।

আর তাই হোমস যখন স্ট্রিপকে জানান নিজের জন্য সঙ্গী খুঁজছেন তিনি, তখন সবচেয়ে প্রথম নিজের ছেলে হেনরি উলফ গামারের কথা মনে হয় স্ট্রিপের।

ফিমেল ফার্স্ট এক সূত্রের বরাতে জানায়, শুটিংয়ের ফাঁকে একে অপরের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছেন তারা। সিনিয়র সহশিল্পী স্ট্রিপকে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ খোলামেলাভাবে বলেছেন হোমস। আর স্ট্রিপ সিদ্ধান্ত নিয়েছেন, হোমসকে নিজের ছেলে হেনরির ছবি দেখাবেন।

সাবেক স্বামী টম ক্রুজের সঙ্গে হোমসের রয়েছে সাত বছর বয়সী মেয়ে সুরি। ২০১২সালে ক্রুজের সঙ্গে ছয় বছরের বিবাহিত জীবনের ইতি টানেন হোমস। তারপর থেকে একাই আছেন তিনি।

কেটি হোমস ও মেরিল স্ট্রিপ অভিনীত সায়েন্স ফিকশন ধাঁচের সিনেমা ‘দ্য গিভার’ মুক্তি পাবে ১৫ অগাস্ট।