২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোহানের নতুন প্রেমিক

এক ছাত্রের প্রেমে মজেছেন হলিউডি অভিনেত্রী লিনজি লোহান। কন্টাক্টমিউজিক জানায়, লিভারপুলের জন মুরস ইউনিভার্সিটির ওই ছাত্রের পার্ট টাইম হিসেবেও পরিচিতি রয়েছে। নতুন প্রেমিকের নাম ক্রিস্টিয়ান আরনো উইলিয়ামস।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 05:07 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সাংহাই ফ্যাশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্প্রতি উইলিয়ামসের সঙ্গে পরিচয় হয় লোহানের। ওই অনুষ্ঠানে র‌্যাম্পে হেঁটেছিলেন উইলিয়ামস।

ব্রিটিশ ট্যাবলয়েড মিররের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, পরিচয়ের পর থেকে তাদের সম্পর্ক আরও এগিয়েছে। প্রেমিকের সঙ্গে সময় কাটতেই এখন লোহান কিছুদিন পরপর যুক্তরাজ্যে পাড়ি দিচ্ছেন। হলিউডের প্রবলেম সেলিব্রেটি হিসেবে পরিচিত লোহান কিছুদিন আগে তার প্রেমিককে ৩০ হাজার পাউন্ড দামের এক রোলেক্স উপহার দিয়েছেন।

এক সূত্রে মাধ্যমটি জানায়, হাসি-খুশি মজার একজন মানুষ হলেন উইলিয়ামস। তিনি খুবই সুদর্শন এবং তার ‘ব্রিটিশ ইংলিশে’ কথা বলা খুব পছন্দ করেন লোহান। তারা একসঙ্গে অনেক বেশি সময় কাটান এবং তাদের সম্পর্কের ঘনিষ্টতা বেড়েছে খুব অল্প সময়ের মধ্যে।

তবে উইলিয়ামসের সঙ্গে সম্পর্কটিকে লোহান কতটুকু গুরুত্ব দিচ্ছেন সে বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি। প্রেম নাকি স্রেফ সময় কাটানো, এ বিষয় নিয়ে অনিশ্চিত সকলেই। তবে এই সম্পর্কে দারুণ খুশি উইলিয়ামস।

দীর্ঘ এক বছর প্রেমঘটিত সম্পর্ক থেকে দূরে ছিলেন লোহান। আর লোহান এবং উইলিয়ামসের সম্পর্ক এখনও একদম গোড়ার দিকেই রয়েছে।

বর্তমানে প্রেমিকের সঙ্গে লন্ডনেই রয়েছেন লোহান। ৯ জানুয়ারি লোহানকে মাহিকি নাইটক্লাবে দেখা গেছে।