টিভি অনুষ্ঠানে তামান্না
সুইডেন প্রবাসী চলচ্চিত্র অভিনেত্রী তামান্না টিভি অনুষ্ঠান ‘মুখ ও মুখরতা’য় অংশ নিয়েছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বিজরী বরকতউল্লাহ।
অনুষ্ঠানটির গবেষক আসাদ উল্লাহ সারোয়ার গ্লিটজকে বলেন, “মুখ ও মুখরতার আড্ডায় তামান্না বলেছেন তার নায়িকা হওয়ার গল্প।”
ঢাকাই ছবির নায়িকা তামান্না শৈশব থেকেই সুইডেন প্রবাসী। তিনি ১৯৯৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত দেশের চলচ্চিত্রে কাজ করেছেন।
২০০৩ সালে আবার সুইডেন পাড়ি জমান তিনি। এর মধ্যে মাঝে দেশে এসে বিভিন্ন চলচ্চিত্রে কাজ করেছেন।
২০১১ সালে তিনি মঈন বিশ্বাস পরিচালিত ‘প্রেমের জন্য পৃথিবী’ চলচ্চিত্রের কাজ শুরু করেন। চলচ্চিত্রটি ‘পাগল তোর জন্য রে’ নামে মুক্তি পায় ২০১৩ সালে।
সম্প্রতি দেশে এসেছিলেন তিনি। সে সময়ই সেলিব্রেটি টক শো ‘মুখ ও মুখরতা’র এই পর্বতে অংশ নেন।
ফরিদা লিমার প্রযোজনায় অনুষ্ঠানটি দেশটিভিতে শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।।
