অক্ষয়কে হটিয়ে জন
‘হেরা ফেরি থ্রি’ এবং ‘আওয়ারা পাগল দিওয়ানা টু’ সিনেমায় অক্ষয় কুমারের বদলে জন আব্রাহামকে বেছে নিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা।
মুম্বাই মিরর জানায়, ‘গারাম মাসাল্লা’ সিনেমায় অভিনয়ের সময় অক্ষয় এবং জনের মধ্যে কিছুটা মনোমালিন্য হয়। আর সেখান থেকে তাদের দ্বন্দ্বের সূত্রপাত ঘটে।
এরপর ২০১১ সালে রোহিত ধাওয়ানের ‘দেশি বয়েজ’ সিনেমায় একসঙ্গে কাজ করেন তারা। তবে সিনেমাটি বক্স অফিসে তেমন একটা সাড়া জাগাতে পারেনি।
বিয়ের উপহার হিসেবে ফিরোজ তার পরবর্তী সিকুয়েল ‘হেরা ফেরি থ্রি’-এর কেন্দ্রীয় চরিত্রের জন্য চুক্তি করেন জনের সঙ্গে। সম্প্রতি ‘আওয়ারা পাগাল দিওয়ানা টু’ সিনেমায় অভিনয়ের চুক্তিও জনের ঝুলিতেই যাচ্ছে বলে জানা গেছে। মূল সিনেমা দুটির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অক্ষয়।
‘হেরা ফেরি থ্রি’-এ অক্ষয় না থাকলেও, আগের দুটি সিনেমার নিয়মিত অভিনেতা সুনীল শেঠি এবং পরেশ রাওয়াল থাকছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এদিকে এ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করবেন মডেল সাক্সি চৌধুরী। তবে ‘আওয়ারা পাগল দিওয়ানা টু’ সিনেমায় জন ছাড়া অন্য অভিনয় শিল্পীদের নাম এখনও প্রকাশ করেননি নির্মাতারা।
আগামী তিন মাসের মধ্যেই ‘হেরা ফেরি থ্রি’ সিনেমার শুটিং শুরু করবেন বলে নিশ্চিত করেছেন নির্মাতারা। সিনেমাটি পরিচালনা করবেন নিরাজ ভোরা। ‘আওয়ারা পাগল দিওয়ানা টু’ পরিচালনা করবেন আনিজ বাজমি।
