চেখভকে নিয়ে নাটক
নাট্যদল চারুনীড়ম থিয়েটারের ‘চেখভের ও চেখভকে নিয়ে নাটক’-এর পঞ্চাশতম মঞ্চায়ন হবে ১১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।
রুশ নাট্যকার আন্তন চেখভের মূল নাটক ‘সোয়ান সং’ ও ‘দ্য বিয়ার’ অবলম্বনে ‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’ নামে দুটি নাটক প্রযোজনা করেছে চাড়ুনীড়ম। আর টেনিস উইলিয়ামের মূল নাটক ‘দ্য লেডি অব লার্কস্পুর লোশন’ অবলম্বনে ‘আরশোলা’ নামে নাটক প্রযোজনা করা হয়েছে। এই তিন নাটক নিয়ে ‘চেখভের ও চেখভকে নিয়ে নাটক’ মঞ্চায়ন করছে চাড়ুনীড়ম।
চারুনীড়ম থিয়েটারের পরিচালক গাজী রাকায়েত গ্লিটজকে বলেন, “এটি আমাদের দলের প্রথম প্রযোজিত নাটক। এর প্রতি আমাদের অন্যরকম আবেগ রয়েছে। এর পঞ্চাশতম মঞ্চায়ন আমাদের জন্য অনেক আনন্দের।”
নাটকের নির্দেশনা, স্পেস পরিকল্পনা ও পোশাক পরিকল্পনা করেছেন গাজী রাকায়েত। আলোক পরিকল্পনা করেছেন অম্লান বিশ্বাস।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, শহীদুল করিম, গোলাম সারওয়ার, নিলুফার নীলা, কামরুজ্জামান দিগন্ত, আসাদুজ্জামান বিশ্বাস, সুবর্ণা সাইদ এবং ইজারুল ইসলাম।
