২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানকে এড়ালেন শাহরুখ

সালমান খানকে এড়ানোর জন্য প্রায় পঁচিশ মিনিট পর গাড়ি থেকে নেমে শুটিংয়ে গেলেন শাহরুখ খান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 05:14 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ইফতার পার্টিতে একে অপরকে জড়িয়ে ধরে সব দূরত্ব মিটিয়ে নিলেও ভেতর থেকে যে এখনও মেটেনি দুই খানের সম্পর্কের শীতলতা সে খবর কমবেশি সবারই জানা। তার আরও একটি প্রমাণ মিলল নতুন বছরের শুরুতে।

মিডডের খবর অনুযায়ী, ৪ জানুয়ারি মেহেবুব স্টুডিওতে শুটিং করছিলেন সালমান। একই সময় ওখানে ছিল শাহরুখের শুটিং শিডিউল।

কিন্তু সালমানকে এড়িয়ে যেতে প্রায় ২৫ মিনিট দেরি করে শুটিং স্পটে পৌঁছেছেন শাহরুখ।

স্টুডিওর ৫ নম্বর স্টেজে চলছিল সালমানের একটি ফটোশুটের কাজ। আর ৩ নম্বর স্টেজে শুটিং করার কথা শাহরুখের।

দুপুর আড়াইটা থেকে শুটিং শুরু করে দেন সালমান। ওদিকে শাহরুখ পৌঁছান বিকাল পৌনে পাঁচটায়।

এক সূত্রের বরাতে মিডডে জানায়,শাহরুখের পৌঁছানোর কথা ছিল দুপুর তিনটায়। কিন্তু তিনি স্পটে পৌঁছান পৌনে পাঁচটায়। এরপর যখন তিনি জানতে পারেন, শুটিং থেকে বের হয়ে বাইরে নিজের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলছেন সালমান। তখন সালমানকে এড়িয়ে যাওয়ার জন্য প্রায় ২৫ মিনিট গাড়িতে বসে অপেক্ষা করেন শাহরুখ।

যখন সালমান নিজের কাজে ফিরে যান, ঠিক তখনই গাড়ি থেকে নামেন শাহরুখ।

সেদিন শুটিং সেটে অনেকেই এসেছিলেন সালমানের সঙ্গে দেখা করতে। এর মধ্যে ছিলেন নির্মাতা মহেশ মাঞ্জরেকর এবং সুভাষ ঘাই, অভিনেতা ভাটসাল শেঠ। উপস্থিত ছিলেন সালমানের ভাই সোহেল এবং বোন আলভিরা।

সূত্রটি আরও জানায়, সালমান যতবার নিজের সেট থেকে বের হয়ে মেকআপ ভ্যানে গেছেন কিংবা বাইরে কারও সঙ্গে কথা বলেছেন, শাহরুখ তাকে এড়িয়ে গেছেন। এমনও দেখা গেছে, দুই খানের প্রতিনিধি দলের লোকজন তাদের একে অন্যের প্রতিটি চলাফেরার খবর জানাচ্ছেন। যেন কারও চোখাচোখি না হয়ে যায়।

শুটিং শেষে দুজনেই সেটের বাইরে সাংবাদিকদের ক্যামেরাবন্দি হয়েছেন। কিন্তু একসঙ্গে নয়। বরং খেয়াল রেখেছেন, যেন একে অপরের সঙ্গে দেখা না হয়।