প্যাটিনসনের নতুন প্রেমিকা?
নতুন বছর আসতে না আসতেই অভিনেতা রবার্ট প্যাটিনসনের নতুন প্রেম নিয়ে আলোচনায় মেতেছে হলিউড। ব্রিটিশ এক চিত্রশিল্পীর সঙ্গে বেশ কয়েকবার ঘুরে বেড়াতে দেখা গেছে প্যাটিনসনকে। আর তাতেই গুজব ছড়িয়েছে, নতুন করে প্রেম করছেন তিনি।
কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, নতুন বছরের শুরুতে লন্ডনের বিভিন্ন পানশালায় ঘুরে বেড়িয়েছেন প্যাটিনসন। এ সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন তার নতুন সঙ্গিনী নেটি ওয়েকফিল্ড।
এক সূত্রের বরাতে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান জানিয়েছে, একসঙ্গে ঘনিষ্ঠভাবে ঘুরে বেড়িয়েছেন তারা। তারা যথেষ্ট গোপনীয়তা বজায় রাখছিলেন। কিন্তু নেটির চুল টেনে তার সঙ্গে দুষ্টুমি করছিলেন প্যাটিনসন। একপর্যায়ে দুজন খুনসুটিতে মেতে ওঠেন আর কিশোর-কিশোরীর মতো হাসি ঠাট্টা করেন।
কয়েকবার বিচ্ছেদ এবং পুনর্মিলনের পর ২০১৩ সালে প্যাটিনসনের সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ ঘটে প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের। এরপর বেশ কয়েকজন নারীর সঙ্গে নাম যুক্ত হয়েছে তার। এর মধ্যে অতি সম্প্রতি শোনা গেছে অভিনেতা শন পেনের মেয়ে ডিলান পেনের নাম।
তবে স্টুয়ার্টের সঙ্গে বিচ্ছেদের পর থেকে এখনও কারও সঙ্গে থিতু হতে পারেননি এই অভিনেতা।
