২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও স্করসেসে ডি নিরো

আরও একবার দুই অস্কারজয়ী নির্মাতা-অভিনেতা মার্টিন স্করসেসে এবং রবার্ট ডি নিরোর যুগলবন্দি দেখার অপেক্ষায় হলিউড।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 06:42 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

পশ্চিমা গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, নবমবারের মতো স্করসেস পরিচালিত সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করার বিষয়টি নিশ্চিত করেছেন ডি নিরো।

কন্টাক্টমিউজিকের প্রতিবেদন অনুযায়ী, ৭০ বছর বয়সী ডি নিরোকে নিয়ে আরও একবার একটি গ্যাংস্টার সিনেমা তৈরি করতে যাচ্ছেন স্করসেস। ডি নিরোর মতে সিনেমাটি হবে পুরোপুরি ভিন্নধারার।

ব্যাং শোবিজকে দেওয়া এক বিবৃতিতে ডি নিরো বলেন, “আমাদের হাতে একটি ভিন্নধারার গ্যাংস্টার সিনেমা আছে। আমি খুবই আশাবাদী সিনেমাটি নিয়ে।”

এর আগে ২০১০ সালের বার্লিন ফিল্ম ফেস্টিভালে ঘোষণা এসেছিল ‘দ্য আইরিশম্যান’ সিনেমার মাধ্যমে আবারও একত্রে কাজ করবেন স্করসেস এবং ডি নিরো। সিনেমাটিতে অভিনয় করার কথা আরও দুই অস্কারজয়ী অভিনেতা অ্যাল পাচিনো এবং জো পেশির। তবে এবার ঘোষণা আসা সিনেমাটিই ‘দ্য আইরিশম্যান’ কি না, সেটি নিশ্চিত করে জানায়নি কোনো মাধ্যম।

ক্যারিয়ারজুড়ে গ্যাংস্টার সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত ডি নিরোর সঙ্গে স্করসেসের যুগলবন্দি বিখ্যাত হয়ে আছে হলিউডের ইতিহাসজুড়ে। এর আগে স্করসেস পরিচালিত আটটি সিনেমায় অভিনয় করেছেন ডি নিরো; যার মধ্যে ‘রোজিং বুল’ সিনেমায় বক্সার জেইক লামোত্তার ভূমিকায় অভিনয় করে জিতে নেন সেবারের ‘সেরা অভিনেতা’র অস্কার।

১৯৭৩-এর অপরাধবিষয়ক সিনেমা ‘মিন স্ট্রিটস’-এ প্রথমবারের মতো মার্টিন স্করসেসের সঙ্গে কাজ করেন ডি নিরো। এরপর একে একে ‘ট্যাক্সি ড্রাইভার’ (১৯৬৭), ‘নিউ ইয়র্ক নিউ ইয়র্ক’ (১৯৭৭), ‘রেজিং বুল’ (১৯৮০), ‘দ্য কিং অফ কমেডি’ (১৯৮৩), ‘গুডফেলাস’ (১৯৯০), ‘কেইপ ফিয়ার’ (১৯৯৩) এবং ‘ক্যাসিনো’-তে (১৯৯৫) একত্রে কাজ করেছেন তারা।