২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডি তারার নববর্ষ

আর মোটে ৫ দিন; এরপরই সারাবিশ্বের সঙ্গে বলিউডবাসীরাও স্বাগত জানাবেন নতুন বছর ২০১৪-কে। এবারের থার্টিফার্স্ট এবং পয়লা জানুয়ারিকে সাড়ম্বরে উদযাপনের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে মুম্বাই ছেড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটি কাটাতে চলে গেছেন অনেক বলিউডি তারকাই। সে রকমই কজন বলিউডি তারকার নববর্ষ প্রস্তুতি নিয়ে এই আয়োজন।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 06:39 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

দীপিকা পাড়ুকোন

চলতি বছরের চারটি একশ’ কোটির উপরে আয় করা সিনেমার অভিনেত্রী হওয়ার সুবাদে দীপিকা পাড়ুকোন এখন বৃহস্পতির তুঙ্গে। পরিবারের সবাইকে নিয়ে নিজের সাফল্য উদযাপন করতে এরই মধ্যে মালদ্বীপে উড়ে গেছেন তিনি। সেখানে বেশ কিছুদিনের ছুটি কাটিয়ে ৩১ ডিসেম্বর রাতেই মুম্বাই ফিরছেন তিনি। প্রিয় শহরে বন্ধু-বান্ধব আর সহকর্মীদের নিয়ে থার্টিফার্স্ট নাইট আর নিতুন বছরকে স্বাগত জানাবেন তিনি।

শাহরুখ খান

‘চেন্নাই এক্সপ্রেস’-এর সুবাদে ২০১৩ ছিল কিং খানের রেকর্ডময় সাফল্যের বছর। বছরের পুরোটা সময় সিনেমা আর নিজের প্রোডাকশন হাউজের কাজে ব্যস্ত থাকায় এবার সপরিবারে ছুটি কাটাতে থাইল্যান্ডের ফুকেটে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। সেখানেই কাটবে খান পরিবারের ২০১৪-এর প্রথম সপ্তাহ।

আমির খান

বরাবরের মতোই ‘ধুম থ্রি’-র সুবাদে বছরের শেষে এসে বক্স অফিসে নিজের রাজত্ব চালাচ্ছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। ‘ধুম’ ফ্রাঞ্চাইজির সর্বশেষ সিনেমার প্রচারকাজ নিয়ে সারাবছরই ব্যস্ত ছিলেন ওই অভিনেতা। আর তাই এবার কাজ থেকে একটু বিরতি নিচ্ছেন তিনি। সপরিবারে পঞ্চগনিতে নিজের বাড়িতে যাচ্ছেন; সঙ্গে থাকছেন কাছের কিছু বন্ধু। নতুন বছরকে স্বাগত জানাতে সেখানেই বেশ কিছুদিন কাটাবেন আমির খান।

ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চন

বচ্চনদম্পতির নতুন বছরের শুরুটা এবার হবে দুবাইয়ে। সঙ্গে থাকবে তাদের একমাত্র কন্যা আরাধিয়াও।

মাধুরী দিক্ষিত

স্বামী শ্রিরাম নেনে আর দুই ছেলে আরিন ও রায়নকে সঙ্গে নিয়ে শীঘ্রই সিঙ্গাপুরে উড়াল দিচ্ছেন অভিনেত্রী মাধুরী দিক্ষিত। সেখানেই নতুন বছরকে স্বাগত জানাবেন তিনি।

কারিনা কাপুর-সাইফ আলি খান

পতৌদির ‘ছোটে নবাব’ আর তার বেগমের এবারের নববর্ষ কাটবে সুইজারল্যান্ডে। আল্পস পর্বতমালার পাদদেশে অবস্থিত এক রাজকীয় শ্যালেতে থাকবেন তারা; সময় কাটাবেন তুষারে ঢাকা পাহাড়ে স্কি করে।

কারান জোহার

অভিষেক-ঐশ্বরিয়ার মতো নির্মাতা কারান জোহারও নতুন বছরের শুরুটা করবেন দুবাই-এ। তার ২০১২ সালের সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’-এর অভিনয়শিল্পী আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা এবং ভারুন ধাওয়ান এখন মুম্বাইয়ে থাকলেও ওই সময় যোগ দেবেন কারানের সঙ্গে।

সঞ্জয় দত্ত

সবার জন্য বছরশেষের সময়টা ছুটির হলেও, অভিনেতা সঞ্জয় দত্তকে সময়টা কাটাতে হবে স্ত্রী মান্যতার শয্যাপাশে। নিজের অসুস্থ স্ত্রীর জন্য কারাগার থেকে কিছুদিনের ছুটি মিলেছে সঞ্জয়ের। দুই সন্তান সাহরান এবং ইকরার সঙ্গেও দীর্ঘ বিরতির পর ওই সময়ই মিলিত হবেন তিনি।

শাহিদ কাপুর

‘আর...রাজকুমার’-এর সাফল্যের পর এখন বেশ ফুরফুরে মেজাজেই আছেন অভিনেতা শাহিদ কাপুর। নিজের সাফল্য আর নতুন বছরের শুরুটা উদযাপনের জন্য এবার লস অ্যাঞ্জেলেসে পার্টির আয়োজন করছেন তিনি। বন্ধুদের সঙ্গে নিয়ে কিছুদিনের মধ্যেই আমেরিকার উদ্দেশে উড়াল দেবেন তিনি।

সোনম কাপুর

বেশ কিছুদিন ধরেই রাজস্থানে ‘খুবসুরাত’-এর রিমেকের কাজে অবস্থান করছেন অভিনেত্রী সোনম কাপুর। ৩১ তারিখের আগ দিয়ে অল্প সময়ের জন্য মুম্বাইয়ে যাবেন তিনি। সেখান থেকে বন্ধুদের নিয়ে গোয়ায় যাবেন নববর্ষ উদযাপনে।