২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবারের অবসর বিভ্রাট

আবারও ভক্ত, দর্শক আর মিডিয়ার আলোচনার কেন্দ্রে জাস্টিন বিবার। বড়দিনের আগের দিন হঠাৎ করেই এক টুইটার বার্তায় অবসরের যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ওই টিনএইজ তারকা। সেই টুইটার পোস্টের ৪০ মিনিটের মাথায় এক বিপরীতমুখী পোস্ট দিয়ে পানি অনেকটাই ঘোলা করে দিয়েছেন কানাডীয় ওই পপতারকা।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 06:00 PM

Updated : 25 Apr 2022, 07:43 PM

হলিউড রিপোর্টার ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ২৪ ডিসেম্বর মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘আনুষ্ঠানিক অবসরে’ যাওয়ার ঘোষণা দেন বিবার। ওই পোস্টটির ৪০ মিনিটের মাথায় ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে লেখা পোস্টে ‘আমি চিরদিনই আছি’-- এমনটাই লেখেন তিনি।

বিবার অবসরে যাচ্ছেন এমন গুজব শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। আর গুজবের আগুনে ঘি ঢেলেছিল এক রেডিও স্টেশনে খোদ বিবারের দেওয়া সাক্ষাৎকার।

ওই সাক্ষাৎকারে বিবার বলেছিলেন, “জার্নাল অ্যালবামটি বাজারে আসার পরই অবসরে যাচ্ছি আমি। ছুটি কাটাব কিছুটা সময়, হয়তো গানটাও ছেড়ে দেব।”

তবে বিবারের ওই সাক্ষাৎকারের পরপরই তড়িঘড়ি করে বিবারের দীর্ঘদিনের ম্যানেজার স্কুটার ব্রাউন জানান, অবসরের কথা আসলে মজা করার জন্য বলেছিলেন বিবার। অবসর নয় বরং নতুন অ্যালবামের পর ব্যস্ত জীবন থেকে কিছুদিনের ছুটি নেবেন তিনি।

বারবার এমন পাল্টাপাল্টি বক্তব্যের কারণে বিবার আসলে অবসরে যাচ্ছেন নাকি কিছুদিনের জন্য সংগীতজগৎ থেকে ছুটি নিচ্ছেন তার কোনোটাই পরিষ্কার নয়।

তবে বিভ্রান্তি সৃষ্টিকারী পাল্টাপাল্টি বক্তব্যের বদৌ্লতে বড়দিনের সময়েও মিডিয়ার কাছ থেকে বেশ প্রচার পেয়েছেন বিবার, নতুন অ্যালবামের যা ইতিবাচক বৈকি!