২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন

ফাস্ট সিরিজের সপ্তম কিস্তি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’ ২০১৫ সালের এপ্রিলে মুক্তি পাবে। খবরটি নিশ্চিত করেছেন হলিউডি অভিনেতা ভিন ডিজেল।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 05:32 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, সম্প্রতি নিজের ফেইসবুক পেইজে ডিজেল ঘোষণা দেন ২০১৫ সালের এপ্রিলে মুক্তি পাচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’।

২২ ডিসেম্বর নিজের ফেইসবুক পেইজে ডিজেল জানান, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’ মুক্তি পাবে ১০ এপ্রিল।

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত সিরিজটির অন্যতম অভিনেতা পল ওয়াকারের সঙ্গে একটি ছবি ফেইসবুকে পোস্ট করে ডিজেল লেখেন, “এই দৃশ্য ছিল একসঙ্গে আমাদের শেষ দৃশ্য।”

তিনি আরও লেখেন, “১০ এপ্রিল মুক্তি পাবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’। যদি তিনি বেঁচে থাকতেন হয়তো তিনিই এই খবর সবাইকে আগে জানাতেন।”

চলতি বছরের থ্যাংকস গিভিংয়ের জন্য সিনেমার কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন কলাকুশলীরা। সেই সুযোগে স্যান্টা ক্লারিটার ‘কার শো’তে অংশ নেন ওয়াকার। নতুন সেই পোরশে গাড়িতে বন্ধুর পাশে যাত্রী হিসেবে বসে ছিলেন তিনি, আর তখনই ভারসাম্য হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় গাড়িটি।

গাড়ির গতি অনেক বেশি থাকায় ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ইঞ্জিনে। ফলে কাউকেই বের করে আনা সম্ভব হয়নি।  

এর আগে সিনেমাটি মুক্তির সময় ২০১৪ সালের ১১ জুলাই নির্ধারিত হলেও ওয়াকারের মৃত্যুর কারণে পিছিয়ে যায় সিনেমার কাজ।

ভক্তদের আশঙ্কা ছিল, হয়তো আর কখনও মুক্তি পাবে না ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’। ভক্তদের দুশ্চিন্তা দূর করতে খবরটি তাই আগেভাগেই দিয়ে দিলেন ডিজেল।