২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সালমানের ‘দাস কা দাম’

টিভি রিয়ালিটি শো ‘দাস কা দাম’ আবারও শুরু করতে পারেন সালমান খান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 05:32 PM

Updated : 25 Apr 2022, 07:42 PM

‘বিগ বস সেভেন’ অনুষ্ঠান শেষের পথে, আর তাই সময় নষ্ট না করে এখনই নিজের শেডিউলের শূন্যস্থান পূরণ করার পরিকল্পনা করছেন ওই অভিনেতা। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, ‘দাস কা দাম’ নিয়ে ফেরার কথা ভাবছেন সালমান।

ইতোমধ্যেই প্রযোজক সিদ্ধার্থ বাসুর প্রযোজনা সংস্থা থেকে সালমানকে এই অনুষ্ঠানের প্রস্তাব দেওয়া হয়েছে।

‘দাস কা দাম’ অনুষ্ঠানটি আবারও চালু করার সিদ্ধান্ত নিয়েছে হিন্দি বিনোদন চ্যানেল সনি টিভি। আরও বেশ কয়েকটি জনপ্রিয় অনুষ্ঠান, যেগুলো কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল সেগুলোও নতুন করে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে চ্যানেলটি।

তবে শুটিং শুরু করার জন্য এখনও কোনো তারিখ নির্ধারণ করেননি সালমান। পুরো ব্যাপারটি এখনও সূচনা পর্যায়ে আছে।

অবশ্য এক সাক্ষাৎকারে সালমান সম্প্রতি জানিয়েছেন, ওই অনুষ্ঠানের নতুন সিজনে কাজ করতে আগ্রহী তিনিও।

আন্তর্জাতিক রিয়ালিটি গেইম শো ‘পাওয়ার অফ টেন’-এর ভারতীয় সংস্করণ ‘দাস কা দাম’ সনি টিভিতে প্রথমবারের মতো প্রচারিত হয় ২০০৮ সালের অক্টোবরে। ২০০৯ সালে প্রচার করা হয় এর দ্বিতীয় সিজন। দশ কোটি রুপি প্রাইজমানির ওই অনুষ্ঠানের দুই সিজন উপস্থাপনা করেন সালমান।

এদিকে ‘বিগ বস’ অনুষ্ঠানে ‘বিগ বস’হাউজের বাসিন্দাদের মধ্যকার মনোমালিন্যের এক ঘটনাকে কেন্দ্র করে সালমান ঘোষণা দিয়েছিলেন, ‘বিগ বস ছাড়ছেন’ তিনি।

ঐ মুহূর্তে সিদ্ধান্ত নিলেও সম্প্রতি সালমান জানিয়েছেন, বিগ বসের আরও একটি সিজনে কাজ করতে আপত্তি নেই তার।

ইন্ডিয়া টুডে এক সূত্রের বরাতে জানিয়েছে, এতদিন বিগ বসের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এন্ডেমল’এর সঙ্গে সালমানের বোঝাপড়া খুব একটা ভালো ছিল না। আর সে কারণে অনুষ্ঠানটি ছাড়তে চেয়েছিলেন সালমান। কিন্তু এখন এই সমস্যার সমাধান করেছে দুপক্ষ, আর তাই ‘বিগ বস’এর নতুন সিজনে ফিরতে আপত্তি করেননি তিনি।