২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদেক বাচ্চুর অবস্থা অপরিবর্তিত

হৃদরোগে আক্রান্ত অভিনেতা সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তাকে এখনও লাইফ সাপোর্টে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। কয়েকটি পরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন তারা।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 12:34 PM

Updated : 25 Apr 2022, 07:42 PM

গ্লিটজকে এ খবর জানিয়েছেন সাদেক বাচ্চুর শ্যালক আযহারুল ইসলাম শ্যামল।

শ্যামল গ্লিটজকে জানান, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, সাদেক বাচ্চুর হার্ট অ্যাটাক হয়েছে এবং তারা দ্রুত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে শনিবার তাকে নিয়ে আসা হয় ইউনাইটেড হাসপাতালে। এ হাসপাতালে রাত ৮টা ৫৫ মিনিটে ভর্তি করা হয় তাকে।

ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিনেতা বাচ্চু এখন এ হাসপাতালে কার্ডিওলজিস্ট ড. মোমেনুজ্জামানের অধীনে আছেন।  তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে দেওয়া হচ্ছে।

অভিনেতা পরিচয়ের বাইরে তিনি ডাকবিভাগের সাবেক কর্মকর্তা। তার পুরো নাম মাহবুব আহমেদ সাদেক।