২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবারের সঙ্গে ছুটিতে প্রিয়াংকা

মা এবং ছোটভাইকে নিয়ে ছুটি কাটাতে বের হয়েছেন বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 03:14 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

মুম্বাই মিররের খবর অনুযায়ী, ১৬ ডিসেম্বর রাতে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে রওনা দিয়েছেন প্রিয়াংকা। তবে তারা কথায় গেছেন, তা জানা যায়নি।

প্রিয়াংকার পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, একটি আলাদা দ্বীপে ছয় বেডরুমের ভিলাতে উঠবেন তারা।

সূত্রটি আরও জানায়, পাঁচ বছরের মধ্যে এই প্রথম ছুটিতে যাচ্ছেন প্রিয়াংকা। ২০১৩ সাল তার জন্য ছিল অনেক বেশি ব্যস্ততার। ফিল্মের শুটিং, বিজ্ঞাপনের কাজ এবং নিজের গানের অ্যালবাম সংক্রান্ত কাজ ছিল অনেক বেশি। লস এঞ্জেলেসে প্রায় ডজনখানেকবার যেতে হয়েছে প্রিয়াংকাকে।

চলতি বছরের জুন মাসে মারা যান প্রিয়াংকার বাবা ড. অশোক চোপড়া। বাবা মারা যাওয়ার পর অনেকদিন ধরেই পরিবারের সঙ্গে ব্যক্তিগত সময় কাটাতে চাচ্ছিলেন প্রিয়াংকা। কিন্তু ব্যস্ততার কারণে এতদিন তা সম্ভব হয়নি।

বছরের এই শেষ মাসে প্রিয়াংকা তার মুম্বাই এবং লস এঞ্জেলেসের কর্মীদলের সবাইকে জানিয়েছেন, ১২ দিনের ছুটিতে যাচ্ছেন তিনি।

প্রিয়াংকার মুখপাত্রের সঙ্গে কথা হলে সম্প্রতি তিনি টাইমস অফ ইন্ডিয়াকে খবরটি নিশ্চিত করেন। তিনি আরও জানান,এই ছুটির মধ্যেই ৩১ ডিসেম্বর এক অনুষ্ঠানে পারফর্ম করবেন প্রিয়াংকা।

তিনি জানান, ৩১ ডিসেম্বর সরাসরি চেন্নাইতে চলে যাবেন প্রিয়াংকা, ওখানে একটি অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। এদিকে তার মা এবং ভাই উঠবেন গোয়া শহরে অবস্থিত তাদের বাংলো বাড়িতে। পারফরম্যান্স শেষে পহেলা জানুয়ারি পরিবারের সঙ্গে গোয়াতে গিয়ে নতুন বছর উদযাপন করবেন প্রিয়াংকা। এরপর মুম্বাই ফিরে আবার শুরু করবেন কাজ।

ইতোমধ্যেই ভাইয়ের সঙ্গে একটি ছবি তুলে তা নিজের ফেইসবুক পেইজে পোস্ট করে ভক্তদের ছুটিতে যাওয়ার খবর জানিয়েছেন প্রিয়াংকা।