সাইফের তিন রূপ
‘হামশাকালস’ সিনেমায় তিন চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন বলিউডি অভিনেতা সাইফ আলি খান।
মুম্বাই মিররের খবর অনুযায়ী, তিনটি ভিন্ন চরিত্রের সাজ যেন নিখুঁত হয় এর জন্য হলিউডের মেকআপ আর্টিস্টদের সাহায্য নিচ্ছেন সাইফ।
পরিচালক সাজিদ খান সম্প্রতি সিনেমাটির কিছু দৃশ্য লন্ডনে শুটিং করার পর মুম্বাইয়ে ফিরেছেন। মুম্বাইয়ের এক স্টুডিওতে এখন চলছে সিনেমার বাকি শুটিং।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, স্পেশাল ইফেক্ট সম্বলিত দৃশ্যগুলোর শুটিংয়ের জন্য লস এঞ্জেলেস থেকে ‘ভিএফএক্স’ টিম এনেছেন প্রযোজক ভাশু ভাগনানি।
সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, এতে কয়েকটি দৃশ্য রয়েছে যেগুলো শুটিং করা অনেক কঠিন হবে। আর তাই ভালো মানের কারিগরি সহায়তার প্রয়োজন। এর জন্য হলিউড থেকে সবচেয়ে দক্ষ টেকনিক্যাল টিমকে আনা হয়েছে।
তবে সিনেমার শুটিংয়ের ব্যাপারে সব ধরনের তথ্য গোপন রাখা হচ্ছে। বিশেষ করে সাইফের সেই দৃশ্য শুটিংয়ের সময় বজায় রাখা হবে কড়া গোপনীয়তা।
ভাগনানি টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, “আমরা লস এঞ্জেলেস থেকে একটি ভিএফএক্স টিম ভাড়া করেছি আর আগামী মাসে মুম্বাইতে তারা এসে পৌঁছাবেন। তবে এর বেশি কিছু আমি বলতে পারছি না।”
কমেডি ধাঁচের সিনেমা ‘হামশাকালস’ পরিচালনা করছেন সাজিদ খান। সিনেমায় সাইফের সঙ্গে অভিনয় করবেন বিপাশা বসু, তামান্না ভাটিয়া এবং রিতেশ দেশমুখ।
২০১৪ সালের ২০ জুন মুক্তি পাবে ‘হামশাকালস’।
