অ্যানিস্টন-থেরক্সের সম্পর্কে দূরত্ব
ক্যারিয়ারে ব্যস্ততার কারণে দূরত্ব দেখা দিয়েছে জেনিফার অ্যানিস্টন এবং জাস্টিন থেরক্সের সম্পর্কে। দুজন প্রতিজ্ঞা করেছেন, ২০১৪ সালে একে অপরকে বেশি সময় দেবেন।
ব্যাং শোবিজের খবর অনুযায়ী, সম্প্রতি ‘রিলেশনশিপ কাউন্সেলিং’ গ্রহণ করেছেন এই জুটি। ব্যস্ততার কারণে একে অপরকে সময় দিতে পারছেন না তারা, যার ফলে সৃষ্টি হয়েছে দূরত্ব।
২০১৪ সালে দুজন একসঙ্গে আরও বেশি সময় কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আর দেরি না করে অ্যানিস্টনের সঙ্গে বিয়ের অনুষ্ঠান ২০১৪ সালেই সেরে ফেলতে চান থেরক্স।
মেইলঅনলাইন এক সূত্রের বরাতে জানিয়েছে, একে অপরকে খুবই ভালোবাসেন অ্যানিস্টন-থেরক্স। তারা আশা করেছিলেন এ বছরই বিয়ে সেরে ফেলবেন। কিন্তু ব্যস্ত শিডিউলের কারণে তাদের এই পরিকল্পনা ভেস্তে গেছে।
তারা দুজন একসঙ্গে কাউন্সেলিং গ্রহণ করেছেন। একে অপরকে যথেষ্ট সময় না দেওয়ায় এখন অনুশোচনায় ভুগছেন এই হলিউডি জুটি। সিদ্ধান্ত নিয়েছেন, ২০১৪ সালে একে অপরকে বেশি সময় দেবেন।
এ বছর বড়দিনের সময় আলাদাভাবে কাটাবেন অ্যানিস্টন-থেরক্স। লস এঞ্জেলেসে নিজের পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করবেন অ্যানিস্টন, আর থেরক্স যাবেন নিজ বাড়িতে। তবে বছর শেষে ২০১৪ সালকে একসঙ্গে স্বাগত জানাবেন এই জুটি। মেক্সিকোর কাব স্যান লুকাস শহরে ছুটি কাটানোর পরিকল্পনা করছেন তারা।
এদিকে টিভি সিরিজ ‘দ্য লেফটওভারস’এর শুটিংয়ের জন্য নিউ ইয়র্কে অবস্থান করছেন থেরক্স। অ্যানিস্টন চাচ্ছেন, থেরক্সের শুটিং শেষ হওয়া পর্যন্ত তিনিও নিউ ইয়র্কে অবস্থান করবেন।
এদিকে বিয়ের অনুষ্ঠান অনেকটা ঘরোয়াভাবে করতে চান অ্যানিস্টন-থেরক্স।
সূত্র আরও জানিয়েছে, তারা চাইছেন তাদের বিয়ের অনুষ্ঠান যেন বন্ধুদের নিয়ে ছোটখাটো একটি পার্টির মতো হয়। এর আগে যেমন পরিকল্পনা করেছিলেন এই জুটি,তার চাইতেও সাদামাটাভাবে অনুষ্ঠান করার ইচ্ছা থেরক্সের। তবে বিয়ে অবশ্যই ২০১৪ সালে হবে, এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ থেরক্স।
২০১১ সাল থেকে প্রেম করা শুরু করেন অ্যানিস্টন-থেরক্স। এরপর ২০১২ সালের গরমের মৌসুমে বাগদান সম্পন্ন করেন এই জুটি।
