বিজয় দিবসে চ্যানেলগুলোর আয়োজন
বাংলাভিশন
শিশু কিশোরদের আবৃত্তি, একক ও দলীয় গান ও নৃত্য পরিবেশনায় সাজানো হয়েছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান‘বিজয় নিশান’।রফিকুল ইসলাম ফারুকীর প্রযোজনায় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে। বিজয় দিবসের ম্যাগাজিন অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’ এ সংগীত পরিবেশন করবেন সৈয়দ আবদুল হাদী, এ্যান্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী। এ অনুষ্ঠানে রণাঙ্গনের গল্প শোনাবেন দুই মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন তালুকদার এবং মোহাম্মদ শহীদ। অপি করিমের উপস্থাপনায় অনুষ্ঠানটি ১৬ ডিসেম্বর রাত ৭টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা নিয়ে বিশেষ টকশো ‘বিজয়ের প্রথম দিনে’ অংশগ্রহণ করবেন ফেরদৌসী প্রিয়ভাষিণী, সৈয়দ শামসুল হক এবং আপেল মাহমুদ। রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে এই টক শো। লাইভ গানের অনুষ্ঠান ‘অগ্নিবীণার গান’ এ সংগীত পরিবেশন করবেন মনির খান, মৌটুসী এবং নির্ঝর। এই অনুষ্ঠানে তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। অনুষ্ঠানটি রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে।
এনটিভি
‘লাল সবুজের কাব্য’ শিরোনামে বিজয় দিবসের আবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মহাদেব সাহা, ফরহাদ মজহার, মোহাম্মদ রফিক, আসাদ চৌধুরী, রফিক আজাদ, আলতাফ হোসেন, অসীম সাহা, রুবী রহমান, ফেরদৌস নাহার। দুপুর ২টা ৩৫ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘বিজয়গাথা’। এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী মাহমুদুজ্জামান বাবু ও সায়ান। বিকেল ৫.৪০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘লাল সবুজের প্রলয়।’ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন রিয়া, সাবিলা, রতি, তমা মির্জা, জ্যোতি। সন্ধ্যা ৬.৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘সোনার আলো’।এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবী।
দেশ টিভি
স্বাধীনতার গান, কবিতা, চিঠি পাঠ এবং স্মৃতিচারণ নিয়ে সাজানো হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘স্বাধীনতা তুমি স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন’। অনুষ্ঠানে বিজয়ের গান গাইবেন রুমানা ইসলাম, কবিতা নিয়ে শিমুল মুস্তাফা এবং পত্রপাঠ ও স্মৃতিচারণে থাকছেন শহীদুল্লাহ্ কায়সার কন্যা শমী কায়সার। সুমনা সিদ্দিকীর প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে ১৬ ডিসেম্বর সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে। রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে মিউজিক্যাল লাইভ শো ‘বিজয় আমার অহংকার’। এ অনুষ্ঠানে দেশের গান গাইবেন সুবীর নন্দী।
জি টিভি
মুক্তিযুদ্ধ ও বিজয়ের গান নিয়ে সাজানো হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘রক্তাক্ত পঙক্তিমালার গান’। অরিন্দম মূখার্জি বিংকুর প্রযোজনায় এটি প্রচারিত হবে বিকাল ৩টা ৪৫ মিনিটে। রাত ৮টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বিজয় বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চিঠি পাঠ, চলচ্চিত্র ও নাটকে মুক্তিযুদ্ধ, বিজয় প্রামান্য, মুকাভিনয়, আবৃত্তি ও নৃত্য নিয়ে সাজানো অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটন হাফিজ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর উপস্থাপনায় মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে অনুষ্ঠান ‘তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না’।
এটিএন বাংলা
সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে প্রভাতি অনুষ্ঠান ‘পজিটিভ বাংলাদেশ’-এর বিশেষ পর্ব। সকাল ৯টা ১৫ মিনিটে প্রচারিত হবে ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘বিজয়ের আনন্দ’। বিকাল ৩টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘লাল সবুজ পতাকা’। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘যুদ্ধে যাবার গল্প’। এতে সংগীত পরিবেশন করবেন সুবীর নন্দী, আবদুল জব্বার, রুমানা ইসলাম এবং আবিদা সুলতানা। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘মুক্তির কথা বিজয়ের গান’|
একুশে টেলিভিশন
সকাল ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে মুক্তিযুদ্ধের উপর নির্মিত বিশেষ ডকুমেন্টারি ‘প্রতিকৃতি’। বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে বিজয় দিবসের বিশেষ সংগীতানুষ্ঠান ‘স্মরণের উৎসব’। সংগীতানুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বরেণ্য শিল্পীদের নিয়ে। চারটি দেশের গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। জনপ্রিয় সংগীতশিল্পী আপেল মাহমুদ-এর উপস্থাপনায় সংগীত পরিবেশন করেছেন রফিকুল আলম, উমা খান, তপন মাহমুদ এবং আপেল মাহমুদ।
বৈশাখী টেলিভিশন
বিজয় দিবসের বিশেষ আবৃত্তি অনুষ্ঠান ‘বিজয়ের পঙক্তিমালা’ প্রচারিত হবে বিকাল ৫টা ২০ মিনিটে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান ‘জাগ্রত অহংকার’। বিজয় দিবসের স্টুডিও কনসার্ট ‘বিজয়ের গান’ প্রচারিত হবে রাত ১১টায়।
চ্যানেল আই
বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আই চত্বরে অষ্টমবারের মতো আয়োজন করছে বিজয়মেলা। এর উদ্বোধন করবেন কজন মুক্তিযোদ্ধা।
মেলার আয়োজকরা জানিয়েছেন, লাল সবুজে বর্ণিল মঞ্চ, তোরণ ও ফেস্টুনে সুসজ্জিত থাকবে মেলা প্রাঙ্গণ। থাকবে ৭ বীরশ্রেষ্ঠ-র নামে ৭টি স্মারক স্তম্ভ এবং ১১ সেক্টরের স্মরণে ১১টি নির্দিষ্ট স্থান। মেলার স্টলগুলোতে মুক্তিযুদ্ধের নানা দলিল ও গ্রন্থের পাশাপাশি মুক্তিযুদ্ধের নানা আলোকচিত্র ও মুক্তিযোদ্ধাদের লেখা ডায়েরির প্রদর্শনীও থাকবে। শিশুদের জন্য থাকছে চিত্রা ঙ্কন প্রতিযোগিতা। দেশের গান গাইবেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীরা।
একাত্তর টেলিভিশন
মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তর টেলিভিশনে বেলা সাড়ে ১১টায় প্রচার হবে বহুল আলোচিত তথ্যচিত্র ‘নাইন মান্থস টু ফ্রিডম’। এস সুখদেব পরিচালিত এবং ভারতের ফিল্মস ডিভিশন প্রযোজিত এ তথ্যচিত্রটি ধারণ করা হয়েছিল ১৯৭১ সালে। নির্মাণ শেষে এটি দর্শকদের সামনে আসে ১৯৭৫ সালে।
‘নাইন মান্থস টু ফ্রিডম’ তথ্যচিত্রে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের নানা গল্প। এতে উঠে এসেছে দেশভাগ, ভাষা আন্দোলন, আইয়ূব খানের সামরিক শাসন, ছয়দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, সত্তরের নির্বাচনসহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার দুর্লভ ফুটেজ। মুক্তিযুদ্ধকালীন পাকবাহিনীর নির্যাতন, গণহত্যা, শরণার্থীদের দুর্ভোগের কথা সবিস্তারে তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে। এতে স্থান পেয়েছে আইয়ূব খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, মাদার তেরেসা, মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি, জহির রায়হানসহ অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সাক্ষাৎকার।
চ্যানেল নাইন
চ্যানেল নাইনে বিজয় দিবস উপলক্ষে দুপুর ১টায় প্রচারিত হবে ডকুমেন্টারি ‘রহমান ফাদার অব বেঙ্গল’। দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ ডকুমেন্টারি ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’। বিকাল ৫টায় প্রচারিত হবে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ সংগীতানুষ্ঠান ‘মুক্তি আমার গানে গানে’। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে বৈঠকি আড্ডার অনুষ্ঠান ‘তরঙ্গে বিজয়গাথা’ প্রচারিত হবে রাত ১১টা ৩০মিনিটে। অনুষ্ঠানে অতিথি হিসেবে আসবেন কামাল লোহানী, বেলাল মোহাম্মদ, তিমির নন্দী ও বুলবুল মহলানবীশ।
