২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাবারে ড্যান্সার প্রিয়াংকা

‘গুন্ডে’ সিনেমায় ক্যাবারে ড্যান্সারের ভূমিকায় দেখা যাবে প্রিয়াংকা চোপড়াকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 05:39 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

ইয়াশ রাজ ফিল্মসের নতুন সিনেমা ‘গুন্ডে’তে ক্যাবারে ড্যান্সারের ভূমিকায় অভিনয় করেছেন বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

আলি আব্বাস জাফরের পরিচালনা এবং আদিত্য চোপড়ার প্রযোজনায় নির্মিত ‘গুন্ডে’ সিনেমায় আরও অভিনয় করেছেন রনভির সিং এবং অর্জুন কাপুর। এখানে প্রিয়াংকা অভিনীত চরিত্রের নাম নন্দিতা।

‘গুন্ডে’র কাহিনি গড়ে উঠেছে সত্তর দশকের কলকাতাকে কেন্দ্র করে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় আসে দুই যুবক বিক্রম এবং বালা। ছোটখাটো চুরি করে জীবিকা নির্বাহ করে তারা। একপর্যায়ে তাদের পরিচয় হয় ক্যাবারে নাচিয়ে নন্দিতার সঙ্গে।

দুই বন্ধু বিক্রম এবং বালার চরিত্রে অভিনয় করেছেন রনভির এবং অর্জুন।

‘গুন্ডে’ সিনেমার টিজারে প্রিয়াংকাকে দেখা না গেলেও এই প্রথমবারের মতো প্রিয়াংকার চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়েছেন সিনেমার নির্মাতা।

এই সিনেমায় আরও অভিনয় করবেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা ইরফান খান।

‘গুন্ডে’র ট্রেইলার প্রথম প্রকাশিত হবে দুবাইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এরপর সেটি দেখা যাবে ইয়াশ রাজ ফিল্মসের ইউটিউব চ্যানেলে।

অ্যাকশন এবং কমেডি ধাঁচের সিনেমা ‘গুন্ডে’ মুক্তি পাবে ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি।