২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লুনির প্রযোজনায় বুলক

জর্জ ক্লুনি এবং গ্র্যান্ট হেসলোভের প্রযোজনায় ‘আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিস’ সিনেমায় অভিনয় করবেন স্যান্ড্রা বুলক।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 04:56 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে হলিউডি অভিনেতা জর্জ ক্লুনি এবং গ্র্যান্ট হেসলোভ এবার প্রযোজনা করছেন রাজনীতি নিয়ে কমেডি সিনেমা ‘আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিস’। সিনেমাটিতে অভিনয় করবেন স্যান্ড্রা বুলক।

কন্টাক্টমিউজিক জানায়, যুক্তরাষ্ট্রের একজন অবসরপ্রাপ্ত রাজনৈতিক পরামর্শক জেইন বন্ডির চরিত্রে অভিনয় করবেন বুলক।

র‌্যাপডটকম জানায়, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটনের পরামর্শক জেমস কারভিলের কিছু রাজনৈতিক কৌশল নিয়ে ২০০৫ সালে র‌্যাচেল বয়টন একটি প্রামাণ্য চিত্র নির্মাণ করেন। সেই প্রামাণ্য চিত্রের উপর নির্ভর করেই নির্মিত হবে সিনেমাটি।

জেমস কারভিলের কৌশলই ক্লিনটনকে ১৯৯২ সালে প্রতিদ্বন্দ্বী সিনিয়র জর্জ ডব্লিউ বুশের বিরুদ্ধে জয়ী হতে সাহায্য করে।

ক্লুনি বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ‘মনুমেন্ট মেন’ সিনেমার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে ‘আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিস’ সিনেমাটি তিনি পরিচালনা করবেন না বলে নিশ্চিত করেছেন। সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন ‘দ্য মেন হু স্টেয়ার অ্যাট গোটস’-এর লেখক পিটার স্ট্রন।

মহাকাশ নিয়ে নির্মিত সিনেমা ‘গ্র্যাভিটি’-র প্রচারণা চলাকালীন ‘আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিস’ সিনেমা নিয়ে কথা বলেন ক্লুনি এবং বুলক। চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘গ্র্যাভিটি’ সিনেমা বিশ্বব্যাপী বেশ সাড়া জাগায়। সিনেমার মোট আয় প্রায় ৬৩ কোটি মার্কিন ডলার। চলতি বছর মেলিসা ম্যাকার্থির সঙ্গে ‘দ্য হিট’ সিনেমাতেও অভিনয় করেন বুলক।