ফেইসবুকের নতুন ‘সিমপ্যাথাইজ’ বাটন
সোশাল জায়ান্ট ফেইসবুক কিছু কিছু ক্ষেত্রে লাইক বাটনের বদলে নতুন বাটন বিবেচনা করছে। নতুন এ বাটনটির নাম হবে ‘সিমপ্যাথাইজ’ বাটন।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফেইসবুকের সফটওয়্যার প্রকৌশলী ড্যান মুরিএলোর দেওয়া তথ্য অনুযায়ী, অন্য একজন প্রকৌশলী ফেইসবুকের ইন্টার্নাল প্রজেক্টের অংশ হিসেবে সিমপ্যাথাইজ বাটনটি তৈরি করেছেন।
তবে মুরিএলো এটাও জানিয়েছেন, এখনই বাটনটি ফেইসবুকে দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। ফেইসবুক আয়োজিত ‘কমপ্যাশন রিসার্চ ডে’-এর প্রশ্নোত্তর পর্বে বিশেষ পোস্টের ক্ষেত্রে লাইক বাটন পরিবর্তন করা হবে কি না এ রকম একটি প্রশ্নের উত্তরে বেশ কিছু তথ্য জানিয়েছেন তিনি।
তিনি জানিয়েছেন, সব পোস্টে বাটনটি ব্যবহার করা যাবে না। শুধু যখন কোনো ব্যবহারকারী তার স্ট্যাটাসের সঙ্গে ফিলিংস তালিকার নেতিবাচক অনুভূতি ট্যাগ করবেন, তখন লাইক বাটনটি সিমপ্যাথাইজ বাটনে পরিণত হবে।
সিমপ্যাথাইজ বাটনটি প্রধানত তৈরি হয়েছে কিছুদিন আগে ফেইসবুকের একটি হ্যাকাথন প্রজেক্টে। ফেইসবুকের এ হ্যাকাথন আয়োজনে প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা একত্রিত হয়ে নতুন নতুন ধারণা বের করেন। এ রকম ইভেন্ট থেকেই ফেইসবুক চ্যাট এবং ফ্রেন্ড সাজেশনের মতো ফিচারগুলোর ধারণা এসেছিল।
