বাংলাদেশি আইডলের গ্র্যান্ড ফিনালে
টিভি রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডল’ প্রথম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে শুক্রবার।
রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ডেল্টা বে।
সম্মেলনে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশি আইডল’-এর শেষ তিন প্রতিযোগী মৃন্ময় সিংহ মন্টি, আরিফ রহমান জয় ও মং উ চিং মারমা।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বাংলাদেশি আইডল’ বিজয়ীকে উপহার হিসেবে একটি নতুন গাড়ি, নগদ ১০ লাখ টাকার চেক, উচ্চতর সংগীত প্রশিক্ষণের ব্যয়ভারসহ ১ কোটি টাকা মূল্যমানের পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি আইডলের সেরা শিল্পীদের নিয়ে বিশ্বভ্রমণসহ দেশের বিভিন্ন স্থানে কনসার্টের আয়োজন করা হবে।
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান শুক্রবার রাত ৮টায় প্রচার করবে এসএটিভি।
