২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’

যুক্তরাষ্ট্রে মুক্তির ২০ দিনের মাথায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 05:00 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

হলিউড টপচার্টের শীর্ষে অবস্থান করা অ্যাডভেঞ্চার ও সাই-ফাই ঘরানার সিনেমাটি বাংলাদেশে নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। 

শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে স্টার সিনেপ্লেক্সে এই সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মিডিয়া ও বিপণন কর্মকর্তা মেজবাহউদ্দিন আহমেদ। 

সুজান কলিন্সের ‘হাঙ্গার গেইমস’ ট্রিলজির দ্বিতীয় উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘হাঙ্গার গেইমস’ সিরিজের দ্বিতীয় ছবি ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’। এবারও মূলচরিত্রে আছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। সিনেমাটি পরিচালনা করেছেন ফ্রান্সিস লরেন্স।

‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’-এর গল্প গড়িয়েছে প্রথম সিনেমার সূত্র ধরে। কেটনিসের সঙ্গী হিসেবে আবারও হাজির হয়েছে পিটা মেলাক। এতে দেখা যাবে, হাঙ্গার গেইমসের বিজয়ী হিসেবে তরুণ প্রেমিক জুটি ক্যাটনিস ও পিটা ফিরে আসে নিজেদের লোকালয়ে।

আপাতদৃষ্টিতে সুখী মনে হলেও তাদের দুঃস্বপ্নের মতো তাড়া করে ফেরে প্রথম গেইমসের দুঃসহ সব স্মৃতি। যখন নতুন করে আবার সময় আসে হাঙ্গার গেইমসের, তখন নিজেদের আবার তারা খুঁজে পায় সেই পুরনো দুঃস্বপ্নের জায়গায়। কিন্তু এবার আর শুধু বেঁচে থাকার লড়াই নয়, এ গেইমস ধীরে ধীরে রূপ নেয় এক গভীর গোপন অভ্যুত্থানে। তাদের সমাজে দানা বাঁধে বিদ্রোহ। নতুন এক ঝামেলায় জড়িয়ে পড়ে ক্যাটনিস।

কেটনিস চরিত্রকে বাস্তবসম্মত করতে একটি বিশেষ দৃশ্যে কাঁচা মাছ খেয়েছেন জেনিফার।

১৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত সিনেমা ইতোমধ্যে আয় করেছে ৬৭৩ মিলিয়ন ডলারের বেশি।