২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসর নিতে চান স্করসেজি

হলিউডি পরিচালক এবং প্রযোজক মার্টিন স্করসেজি চলচ্চিত্রজগৎ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শারীরিক অসুস্থতা এবং আর্থিক টানাপড়েনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 04:51 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

কন্টাক্টমিউজিক জানায়, ৭১ বছর বয়সী ওই পরিচালক মনে করেন আর খুব বেশি কাজ বাকি নেই তার। আর তাই খুব শীঘ্রই চলচ্চিত্রজগত থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

মরোক্কোতে অনুষ্ঠিত মিরাকেচ চলচ্চিত্র উৎসবে স্করসেজি বলেন, “অনেক সিনেমা নির্মাণের ইচ্ছা ছিল আমার। তবে এখন আমার বয়স ৭১ বছর। আর তাই খুব বেশি সিনেমা নির্মাণ সম্ভব হবে না আমার পক্ষে। একটা সময় ছিল যখন ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে পারতাম। সেই সময়ের কথা মনে পড়ে খুব। তবে সেই সময় শেষ আর আমার কাজও শেষ।”

তিনি আরও বলেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক বিষয় মাথায় ঘুরতে থাকে। শারীরিক সমস্যা দেখা দেয়। তার সঙ্গে আর্থিক বিষয়ও রয়েছে। নিজের পরিবারকে নিয়ে ভাবতে হয়।”

স্করসেজি পরিচালিত সর্ব্বশেষ সিনেমা ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’-এ অভিনয় করেছেন লিওনার্ডো ডিক্যাপ্রিও। তার সম্পর্কে স্করসেজি বলেন, “সিনেমা বানানোর স্পৃহাকে নতুনভাবে জাগিয়ে তুলতে আমাকে সাহায্য করেছেন ডিক্যাপ্রিও। তার কাজ করার ক্ষমতা অন্যদেরও অনুপ্রাণিত করে।”