টিভি সিরিজে জয়া বচ্চন
নির্মিতব্য টিভি সিরিয়াল ‘বসুন্ধরা’-র মধ্য দিয়ে ছোটপর্দায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডি সিনিয়র অভিনেত্রী জয়া বচ্চন। ছোটপর্দায় এটিই হতে যাচ্ছে তার প্রথম অভিনয়।
তার এ সিদ্ধান্তে দারুণ খুশি অভিনেতা এবং জয়ার স্বামী অমিতাভ বচ্চন।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ছোট পর্দায় জয়ার অভিনয় করার সিদ্ধান্তে আনন্দিত অমিতাভ।
অমিতাভ বলেন, “জয়ার সঙ্গে কথা বলার সময়ই ছোট পর্দায় অভিনয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি আমরা। সে আবারও কাজ করতে চাইছে আর তার সিদ্ধান্তে আমি দারুণ খুশি।”
বিগ বি এবং জয়া জুটির আলোচিত সিনেমার তালিকায় রয়েছে ‘মিলি’, ‘অভিমান’ এবং ‘কাভি খুশি কাভি গাম’।
একটি গুজরাতি উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিরিজটি। একজন মায়ের কাহিনি তুলে হবে সিরিজটিতে। এন্ডেমল প্রযোজিত সিরিজ প্রদর্শিত হবে ভারতীয় চ্যালেন সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে।
জয়া অনেকদিন ধরেই অভিনয় জগৎ এবং বলিউড থেকে দূরে আছেন। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন ‘দ্রোনা’ সিনেমায়। সিনেমায় অভিষেক বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
