ইউটিউবে বর্ষসেরা মাইলি সাইরাস
ইউটিউবে ২০১৩ সালে সবচেয়ে বেশি দেখা ভিডিও হল গায়িকা মাইলি সাইরাসের ‘রেকিং বল’।
এইস শোবিজ জানিয়েছে, ইউটিউবে ভিডিওটি প্রকাশের পর থেকে এখন পর্যন্ত দেখা হয়েছে ৩৭ কোটি ১০ লাখ বার। আর ইউটিউবের ইতিহাসে সবচেয়ে দ্রুত ১০ কোটির মাত্রা ছাড়িয়েছে এই ভিডিওটি।
চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া সাইরাসের ‘রেকিং বল’ ভিডিও পরিচালনা করেছিলেন টেরি রিচার্ডসন।
মুক্তি পাওয়ার প্রথম দিন ১ কোটি ৯৩ লাখ বার দেখা হয়েছিল এই ভিডিও। যা ওয়ান ডাইরেকশনের ভিডিও ‘বেস্ট সং এভার’-এর রেকর্ড ভেঙে দিয়েছিল একদিনেই।
সবচেয়ে বেশি দেখা ইউটিউব ভিডিওর এই তালিকায় দ্বিতীয় নম্বরেও রয়েছেন সাইরাস। তার আরেকটি ভিডিও ‘উই কান্ট স্টপ’ দেখা হয়েছে ৩১ কোটি বার।
এই তালিকায় তিন নম্বর স্থান পেয়েছে উইল আই অ্যাম এবং ব্রিটনি স্পিয়ার্সের ভিডিও ‘স্ক্রিম অ্যান্ড শাউট’। এই ভিডিওর মাধ্যমে ব্রিটনি টেক্কা দিয়েছেন রিয়ানার ভিডিও ‘ডায়মন্ড’, কেটি পেরির ‘রোর’ এবং পিঙ্কের জনপ্রিয় ভিডিও ‘জাস্ট গিভ মি এ রিজন’কে।
