লোহানের উপর ক্ষুব্ধ হিলটন
ছোট ভাই ব্যারন হিলটনের লাঞ্ছিত হওয়ার ঘটনায় লিন্ডজি লোহানের উপর চটেছেন প্যারিস হিলটন।
কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, শুক্রবার মায়ামি শহরে কয়েকজনের দ্বারা লাঞ্ছিত হন প্যারিস হিলটনের ছোটভাই ব্যারন হিলটন। ব্যারনের হিলটনের দাবি,তার লাঞ্ছিত হওয়ার ঘটনার পেছনে রয়েছে লোহানের যোগসাজশ।
টিএমজি জানিয়েছে, সেদিন রাতে এক পার্টিতে যাওয়ার সময় বর্বরোচিতভাবে লাঞ্ছনার স্বীকার হয়েছেন ২৪ বছর বয়সী ব্যারন। তিনি লোহান সম্পর্কে অশালীন কথা বলছিলেন,আর তখনই তার উপর আক্রমণ করা হয়।
টিএমজি আরও দাবি করে,ঐ ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন লোহান। নিজের ব্যাপারে নেতিবাচক মন্তব্য শোনার পর বন্ধুদের উস্কে দেন তিনি।
তবে লোহান বিষয়টি পুরোপুরি অস্বীকার করে জানান,ঐ পার্টিতে অংশ নেননি তিনি। কারণ হিসেবে লোহান বলেন, কিছুদিন আগে মাদকাসক্তি থেকে মুক্ত হওয়ার পর থেকে এ ধরনের পার্টি এড়িয়ে চলছেন তিনি।
কিন্তু যে হোটেলে পার্টিটি অনুষ্ঠিত হয়েছিল,ঐ হোটেলে সে রাতে অবস্থান করছিলেন লোহান। এমনকি টিএমজি ক্যামেরাতেও ব্যারন হিলটনের সঙ্গে তর্কবিতর্ক করতে গিয়ে ধরা পড়েছেন লোহান।
এ ঘটনায় মারাত্মক আহত হিলটন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ইউনিভার্সিটি অফ মায়ামি হসপিটালে।
ইতোমধ্যেই ঘটনাটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। ইন্সটাগ্রামে ব্যারন হিলটন তার আহত মুখের ছবি পোস্ট করার পর নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন লোহান। আর ইন্সটাগ্রামে লোহানকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন প্যারিস হিলটন।
তবে হিলটন কিংবা লোহান কেউই এ ব্যাপারে গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।
