ইউনিসেফের দূত পেরি
ইউনিসেফ-এর নতুন শুভেচ্ছা দূত হয়েছেন পপতারকা কেটি পেরি।
কন্টাক্টমিউজিক জানিয়েছে, মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন পেরি। তিনি জানিয়েছেন, সম্প্রতি মাদাগাস্কার সফরের পর দুর্দশাগ্রস্ত শিশুদের সাহায্য করার আগ্রহ জন্মেছে তার।
পেরি বলেন, “ঐ সফর আমার পুরো জীবনটাকেই পাল্টে দিয়েছে। আমার চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি এখন পুরোপুরি পাল্টে গেছে।”
পেরি আরও জানান, তার নতুন অ্যালবাম ‘প্রিজম’ নির্মাণেও অনুপ্রেরণা জুগিয়েছে ওই সফর।
তিনি বলেন, “আমি আমার জীবনে একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমার মনে হয়েছে আমাকে নিয়ে সবাই খেলা করছে। এরপর যখন মাদাগাস্কার গেলাম, আমার মনে হল এদের তুলনায় আমি কত ভালো আছি। আমি তখন নিজের জীবনের প্রতি খুব কৃতজ্ঞ বোধ করলাম।”
একজন শুভেচ্ছা দূত হিসেবে পেরি কাজ করবেন শিশু এবং উঠতি বয়সের কিশোর কিশোরীদের নিয়ে, যারা দারিদ্র্যপীড়িত এবং বিভিন্ন সামাজিক সমস্যায় ভুগছে। ইউনিসেফের পক্ষ থেকে বছরে একবার দরিদ্র দেশগুলো সফর করবেন কেটি পেরি। আপাতত পেরু, হাইতি এবং ফিলিপাইনে যাওয়ার ইচ্ছা রাখেন তিনি।
কেটি পেরি আরও বলেন, “অবশেষে আমি নিজের জগত থেকে বেরিয়ে দেখতে পেয়েছি, পৃথিবীতে আরও অনেক কিছুই আছে।”
শিশুদের জন্য ইউনিসেফের পক্ষ থেকে আরও কাজ করছেন অভিনেত্রী সারাহ জেসিকা পার্কার এবং গায়িকা সেলেনা গোমেজ।
