ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে জলের গান
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে শনিবার সংগীত পরিবেশন করবে ব্যান্ডদল জলের গান।
এ সংগীতানুষ্ঠানে তারা নিজেদের বাছাইকৃত গানের পাশাপাশি দর্শকের অনুরোধে বেশ কটি গান পরিবেশন করবে বলে গ্লিটজকে জানিয়েছেন ব্যান্ড সদস্য কনক আদিত্য।
কনক আদিত্য বলেন, “জলের গান গতানুগতিক ধারার বাইরে এসে শ্রোতাদের ভিন্ন স্বাদের গান উপহার দিয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা আবারও দর্শকের মুখোমুখি হচ্ছি। সরাসরি পরিবেশনায় দর্শকের অনুরোধের গান থাকবে। ব্যাপারটি মাথায় রেখে আলাদাভাবে প্রস্তুতি নিয়েছি।”
শনিবার সন্ধ্যা সাড়ে ছটায় গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের এই আয়োজন চলবে দেড়ঘণ্টাব্যাপী।
চারুকলার সাবেক ছাত্রদের ব্যান্ডদল জলের গান যাত্রা শুরু করে ২০০৬ সালে। সে বছর স্কটল্যান্ডে সুফি কনসার্টে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে তারা। তাদের প্রকাশিত একমাত্র অ্যালবাম ‘অতল জলের গান’ প্রকাশিত হয় ২০১২ সালে।
জলের গানের বর্তমান লাইন আপ রাহুল আনন্দ (কণ্ঠ, বাঁশি, তারামন), কনক আদিত্য (কণ্ঠ), জেম (কণ্ঠ, গিটার), জার্নাল (কণ্ঠ, পারকাশন), রানা (পারকাশন), শরীফ (ভায়োলিন), সঞ্জয় (চন্দ্রবান)।
