মিউজিক ক্লাবে তপু
ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘ মিউজিক ক্লাব’-এ বুধবার গাইবেন কণ্ঠশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু। এ অনুষ্ঠানে তপু ১৫টি গান পরিবেশন করবেন।
তপু গ্লিটজকে বলেন, “এ অনুষ্ঠানে আমার সদ্য প্রকাশিত ‘আর তোমাকে’ অ্যালবাম থেকে তিনটি গান শোনাব। পাশাপাশি আমার গাওয়া শ্রোতাপ্রিয় অন্য গানও গাইব।”
অনুষ্ঠানে সংগীত পরিবেশনার পাশাপাশি ক্যারিয়ারের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যৎ পরিকল্পনার কথাও বলবেন তিনি।
সাম্প্রতিক ব্যস্ততা সম্পর্কে তপু জানান, প্রিন্স মাহমুদের একটি মিক্সড অ্যালবামে একটি গান গাইবেন। বেশকটি মিক্সড অ্যালবামে গাইবার কথা চলছে। পরবর্তী একক অ্যালবামের জন্য গান লেখাও শুরু করেছেন তিনি।
ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘ মিউজিক ক্লাব’ বুধবার রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে।
