উদয় শঙ্কর নৃত্যোৎসবে আমন্ত্রিত ওয়ার্দা রিহাব
উপমহাদেশের কিংবদন্তি নৃত্যশিল্পী উদয় শঙ্করের জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘উদয় শঙ্কর নৃত্যোৎসব-২০১৩’ -তে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। এবারের উৎসবে প্রথমবারের মতো তার সঙ্গে পারফর্ম করবেন তার নৃত্যদল ধৃতি নর্তনালয়ের ছয় তরুণ নৃত্যশিল্পী।
এ বিষয়ে গ্লিটজকে ওয়ার্দা জানিয়েছেন, উৎসবে তারা শাস্ত্রীয় মণিপুরি নৃত্য পরিবেশন করবেন।
ওয়ার্দা বলেন, “ভারতের অন্যতম সেরা এ উৎসবে আমন্ত্রণ পেয়ে গর্বিত বোধ করছি। আমার সঙ্গে পারফর্ম করবেন ধৃতি নর্তনালয়ের ছয় তরুণ নৃত্যশিল্পী -পুষ্পিতা হোসেন, তাসনিম প্রিয়তী, অনিন্দিতা রায়, সনি চৌধুরী, অপর্ণা নিশি।”
৮ ডিসেম্বর উদয় শঙ্করের জন্মদিন উপলক্ষে প্রতিবছর সপ্তাহব্যাপী নৃত্যোৎসবের আয়োজন করে কলকাতা সংগীত একাডেমি। ভারতের বিভিন্ন রাজ্য থেকে ৫০জন নৃত্যশিল্পী এ উৎসবে অংশগ্রহণ করবেন বলে জানান ওয়ার্দা।
উৎসবের তৃতীয় দিন মঞ্চে উঠবে ধৃতি নর্তনালয়। উৎসবে ওয়ার্দার একক পরিবেশনাও থাকছে। তিনি পরিবেশন করবেন রাধারূপ বর্ণন ও শিব স্তুতি।
ছায়ানটের শিক্ষক ওয়ার্দা ২০০৮ সালে প্রথমবারের মতো এ উৎসবে অংশগ্রহণ করেন।
