‘অন্তরঙ্গ’র মহরত
এফডিসিতে ‘অন্তরঙ্গ’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হল সোমবার সন্ধ্যায়। চলচ্চত্রটি পরিচালনা করছেন চাষী নজরুল ইসলাম। এতে অভিনয় করছেন ইমন, আলিশা প্রধান, দিতি, অমিত হাসানসহ আরও অনেকে।
পরিচালক চাষী নজরুল বলেন, “দুজন তরুণ-তরুণীর প্রেম ও পারিবারের কাহিনি নিয়ে আমার এবারের চলচ্চিত্র ‘অন্তরঙ্গ’।”
চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন ইমন ও আলিশা। জুটি হিসেবে একই পরিচালকের সঙ্গে এটি তাদের দ্বিতীয় চলচ্চিত্র ।
ইমন ও আলিশা ‘ভুল যদি হয়’ চলচ্চিত্রে প্রথমবারের মতো কাজ করেন এই পরিচালকের সঙ্গে।
চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন জহির বাবু। সংগীত পরিচালনা করছেন ইমন সাহা, চিত্রগ্রহণে রয়েছেন পনির।
মহরতের দিনই একটি সিকোয়েন্স টেক করার মাধ্যমে শুটিংয়ের সূচনা করেন পরিচালক।
এফডিসি পর্ব শেষে কক্সবাজারে শুটিং করতে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।
চলচ্চিত্রটি প্রযোজনা করছে কার্নিভাল মোশন পিকচার্স।
প্রযোজনা সংস্থাটির প্রথম চলচ্চিত্র এটি। সংস্থাটি আরও তিনটি চলচ্চিত্র প্রযোজনার উদ্যোগ নিয়েছে।
প্রযোজনা সংস্থার কর্ণধার গিয়াসউদ্দিন মুরাদ শিকদার জানান, আলিশা প্রধান আগামীতে তাদের প্রযোজিত তিনটি চলচ্চিত্রেই অভিনয় করবেন।
কার্নিভাল মোশন পিকচার্সের প্রযোজনায় ‘মিয়া বিবি রাজি’ চলচ্চিত্র পরিচালনা করছেন শিহাব শাহিন। কিছুদিনের মধ্যেই চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হবে বলে জানান প্রযোজক।
অন্য দুটি চলচ্চিত্র পরিচালনা করছেন সোহানুর রহমান সোহান ও জাকির হোসেন রাজু।
