২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চৌরাসিয়ার বাঁশির সুরে

বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত শাস্ত্রীয়সংগীত উৎসবের তৃতীয় সন্ধ্যায় ছিল উপচেপড়া ভিড়।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 06:42 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সাড়ে ৩১ হাজারেরও বেশি দর্শক-শ্রোতার আগ্রহের মূল কেন্দ্রে ছিলেন বংশিবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া।

মধ্যরাতেও উৎসব ভেন্যুতে উপচেপড়া ভিড় দেখে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া মঞ্চে উঠে ধন্যবাদ জানান সবাইকে। সেই সঙ্গে শ্রোতাদের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

মঞ্চে উঠে তিনি বলেন, “আমি কখনও এত শ্রোতার সামনে বসে বাঁশি বাজানোর সুযোগ পাইনি। শ্রোতাদের উপস্থিতি দেখে সত্যিই আমি মুগ্ধ। বাংলাদেশে মানুষ যে এতটা সংগীতপাগল, এই উৎসবে না এলে জানাই হত না।”

উৎসবের তৃতীয় রাতের শেষের দিকে মঞ্চে ওঠেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। সে সময় পুরো স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। দর্শকদের বিপুল করতালির মধ্যে মঞ্চে আসেন প্রবাদপ্রতীম ওই শিল্পী।

তিনি পরিবেশন করেন রাগ প্রভাতেশ্বরী এবং ললিত। তার শেষ পরিবেশনা ছিল কীর্তনের সুর।

পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার পরিবেশনার শেষ পর্যায়ে উপস্থাপক নবনীতা চৌধুরী ঘোষণা করেন, ওই সময় পর্যন্ত উৎসবের ভেন্যুতে ঢুকেছেন সাড়ে ৩১ হাজারেরও বেশি দর্শক।

এ বিষয়ে কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী গ্লিটজকে বলেন, “সবার ফুতেই মিষ্টতা আছে কিন্তু উনারটা আলাদা। উনার বাজানোর ধরনটাই আলাদা। এই বয়সেও কত মজা করে বাঁশি বাজান। প্রত্যেক শিল্পীর একটা নিজস্বতা আছে না!”

পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশিবাদন শুনতে ওই সন্ধ্যায় সামিনা চৌধুরীর মতো বাংলাদেশের সংস্কৃতিক অঙ্গনে আরও অনেকেই এসেছিলেন।

চৌরাসিয়ার সঙ্গে তবলায় সংগত করতে মঞ্চে ওঠেন পণ্ডিত সমর সাহা, পাখওয়াজে প-িত ভবানী শংকর। বাঁশিতে শিল্পীকে সহযোগিতা করেছেন বিবেক সোনার এবং তানপুরায় অলীক সেনগুপ্ত।

পরিবেশনা শেষে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার হাতে উৎসব স্মারক তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান।

দিনটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশে আধুনিক নৃত্যকলার পথিকৃৎ বুলবুল চৌধুরীকে (১৯১৯-৫৪)।

তৃতীয় দিনের শিল্পী হিসেবে মঞ্চে আরও ওঠেন রাজরূপা চৌধুরী, কুমার মারদুর, পণ্ডিত শিব কুমার শর্মা, পণ্ডিত উদয় ভাওয়ালকর, পণ্ডিত স্বপন চৌধুরী, রীনাত ফৌজিয়া এবং বিদুষী পদ্মা তালওয়ালকর।

উৎসবের তৃতীয় সন্ধ্যা উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান। বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের উদ্বোধনী পর্ব সভাপতিত্ব করেন।