আমেরিকায় রণবীর-ক্যাটের নববর্ষ
বলিউডের আলোচিত অভিনয় জুটি রণবীর কাপুর এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ নববর্ষ উদযাপনে একসঙ্গে আমেরিকা যাচ্ছেন ডিসেম্বরের শেষ সপ্তাহে।
মিড ডে জানায়, আমেরিকায় ২০১৪ সালের প্রথম দিনটি একসঙ্গে কাটানোর প্রস্তুতি নিচ্ছেন ওই দুই শিল্পী। আর তাই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহেই আমেরিকার উদ্দেশে রওনা দেবেন তারা।
এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, বর্তমানে অনুরাগ বসুর পরিচালনায় ‘জাগ্গা জাসুস’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন রণবীর। এদিকে ২০ ডিসেম্বর তার অভিনীত ‘ধুম থ্রি’ সিনেমাটি মুক্তির পর পরিবারের সঙ্গে বড়দিন পালন করতে লন্ডন যাবেন ক্যাটরিনা। এরপর সেখান থেকে নতুন বছর পালন করতে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি।
এ সফরে রণবীর এবং ক্যাটরিনার সঙ্গে যোগ দেবেন পরিচালক আয়ান মুখার্জি। যদিও তাদের নতুন বছরের পরিকল্পনা সম্পর্কে কিছুই জানাননি রণবীর এবং ক্যাট।
এর আগে শ্রীলঙ্কায় ও স্পেনে একসঙ্গে ছুটি কাটান রণবীর-ক্যাট। তাদের প্রেমের গুজবে বলিউড সরগরম হলেও এখন পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি এই জুটি।
