সানির ‘ঘায়েল রিটার্নস’
‘ঘায়েল রিটার্নস’ পরিচালনার মাধ্যমে চৌদ্দ বছর বিরতির পর আবার পরিচালকের আসনে বসবেন বলিউডি অভিনেতা সানি দেওল।
নিজের অভিনীত ১৯৯০ সালের সিনেমা ‘ঘায়েল’এর সিকুয়েল ‘ঘায়েল রিটার্নস’ নির্মাণ করবেন তিনি।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ২৮ নভেম্বর ‘ঘায়েল রিটার্নস’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সানি।
সানি আশাবাদী, এই সিনেমার মাধ্যমে বলিউডের ‘অ্যাকশন’ ধাঁচের সিনেমার কাঠামো বদলে দিতে পারবেন তিনি।
অনেকদিন ধরেই চলছিল ‘ঘায়েল’এর সিকুয়েল নির্মাণের পরিকল্পনা। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে শেষ পর্যন্ত সিকুয়েলটি নির্মাণের দায়িত্ব নিজের কাঁধেই নিলেন সানি।
১৯৯০ সালে মুক্তি পাওয়া হিট সিনেমা ‘ঘায়েল’ পরিচালনা করেছিলেন রাজকুমার সন্তোষী। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে ‘ঘায়েল রিটার্নস’ হবে সানির পরিচালিত দ্বিতীয় সিনেমা। এর আগে ১৯৯৯ সালে তিনি ‘দিল্লাগি’ সিনেমাটি পরিচালনা করেছিলেন।
‘ঘায়েল রিটার্নস’ প্রযোজনা করবে সানির নিজস্ব প্রোডাকশন ভিজেতা ফিল্মস।
এর আগে, ‘জোড়ি ব্রেকারস’-এর পরিচালক অশ্বিনী চৌধুরীকে প্রস্তাব দেওয়া হয়েছিল ‘ঘায়েল রিটার্নস’ পরিচালনার জন্য। কিন্তু তার ব্যস্ততার কারণে পরে এই দায়িত্ব পান রাহুল রাওয়াল। সানির প্রথম সিনেমা ‘বেতাব’-সহ আরও দুটি সিনেমায় তার সঙ্গে কাজ করেছিলেন রাহুল।
কিন্তু এক পর্যায়ে রাহুল নিজেও সিনেমাটি পরিচালনা করতে অপারগতা জানান। আর তাই শেষ পর্যন্ত সানি নিজেই এই দায়িত্ব কাঁধে নেন।
এক সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ‘ঘায়েল রিটার্নস’এর কাহিনি হবে বাবা এবং মেয়েকে ঘিরে। ‘ঘায়েল’ সিনেমায় সানির প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী মিনাক্ষী শেষাদ্রি। এবারের সিকুয়েলে তাকে সানির মেয়ের মৃত মা হিসেবে দেখা যাবে। তবে সানির মেয়ের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।
সিনেমাটির সংগীতের কাজ শুরু হবে ২০১৪ সালের জানুয়ারিতে। আর ফেব্রুয়ারি থেকে মানালি শহরে শুরু হবে ‘ঘায়েল রিটার্নস’-এর শুটিং।
