ওগো বিদেশিনী-২
নির্মিত হয়েছে টিভিনাটক ‘ওগো বিদেশিনী’র সিকুয়েল। সাজ্জাদ স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমরান হোসেন ইমু। এতে অভিনয় করছেন জাপানি অভিনেত্রী মিনামি। আরও আছেন আরফান, ইশা, মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকে।
নির্মাতা সূত্রে এই তথ্য জানা গেছে।
ইমরান হোসেন ইমু জানিয়েছেন, ২০১২ সালে ‘ওগো বিদেশিনী’ শিরোনামে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হয়।
তিনি বলেন, “যেখানে গল্পটি শেষ হয় তারপরের ঘটনা জানার আগ্রহ প্রকাশ করেছিলেন অনেকে। সেই উৎসাহ থেকে আমরা নাটকটির সিকুয়েল তৈরি করেছি।”
এবারের কাহিনিতে দেখা যাবে, প্রবাসী আরফান ট্যাক্সিক্যাব চালক। প্রেমে পড়েন জাপানি মেয়ে মিনামির। এক সময় জাপান ছেড়ে নিজ গ্রামে ফিরে আসেন আরফান। তবে মিনামির কথা কিছুতেই ভুলতে পারেন না। এদিকে গ্রামের মেয়ে ঝুমুর পছন্দ করেন আরফানকে। ঝুমুর আপন করে পেতে চান তাকে। এরই মধ্যে হঠাৎ একদিন মিনামি আরফানের গ্রামে চলে আসেন। শুরু হয় জটিলতা।
নাটকটি প্রচারিত হবে বৃহস্পতিবার রাত ১১টায় এটিএন বাংলায়।
