২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দশটি সুরে দশটি নৃত্য

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগ দেশের দশজন সংগীত পরিচালক ও দশজন নৃত্য পরিচালকের যৌথ উপস্থাপনায় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘দশটি সুরে দশটি নৃত্য’ অনুষ্ঠানের আয়োজন করেছে।

মলয় গাঙ্গুলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 05:45 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন’ কর্মসূচির আওতায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই আয়োজন করেছে তারা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে জানা গেছে, ‘দশটি সুরে দশটি নৃত্য’ অনুষ্ঠানের সংগীত পরিচালনা করছেন আলম খান, ফুয়াদ নাসের বাবু, আলী আজগর খোকন, আলী হোসেন, শেখ সাদী খান, আলাউদ্দিন আলী, মকসুদ জামিল মিন্টু, আলী আকবর রুপু, বিপ্লব বড়ুয়া ও সুজেয় শ্যাম।

নৃত্য পরিচালনা করছেন দীপা খন্দকার, ওর্য়াদা রিহাব, মীনু হক, তামান্না রহমান, মুনমুন আহমেদ, কবিরুল ইসলাম রতন, অনিক বোস, সামিনা হোসেন প্রেমা, এম আর ওয়াসেক ও বেলায়েত হোসেন খান।

এতে ‘জন্ম থেকে মৃত্যু’, ‘ঢাকা আমার ঢাকা’, ‘নদী’, ‘লাল সবুজে গাঁথা’, ‘শুভেচ্ছা-ভালোবাসা’, ‘উৎসব’, ‘আবহমান বাংলা’, ‘একদিন প্রতিদিন’, ‘বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’, এবং ‘বায়ান্ন থেকে একাত্তর’ শিরোনামের দশটি গানের সঙ্গে কোরিওগ্রাফি প্রদর্শিত হবে।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামজিক অবকাঠামো বিভাগের সদস্য মো. আবদুল মান্নান হাওলাদার। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.সফিকুল ইসলাম এবং নৃত্য ব্যক্তিত্ব আমানুল হক।