২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট থেকে চলচ্চিত্রে মিশু

ক্রিকেট মাঠে চার-ছক্কা হাঁকিয়ে বেড়ানো সাবেক ক্রিকেটার ও টিভির ব্যস্ত অভিনেত্রী মিশু চৌধুরী চলচ্চিত্রে স্থায়ী হওয়ার স্বপ্ন বুনছেন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 02:23 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

মিশু এখন ছয়টি চলচ্চিত্রে অভিনয় করছেন। এগুলো হল শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’, ইসমত আরা চৌধুরী শান্তির ‘মায়ানগর’, শাহিন সুমনের ‘কেউ কথা রাখেনি’, মুস্তাফিজুর রহমান বাবুর ‘কপোতাক্ষের কান্না’, নার্গিস আক্তারের ‘যৈবতী কন্যার মন’ ও প্রশান্ত অধিকারীর ‘হাডসনের বন্দুক’। এসব সিনেমায় তিনি পার্শ্ব চরিত্রে রূপদান করছেন।

আরও দুই সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয়ের ব্যাপারে আলোচনা চলছে বলে জানান মিশু।

মিশু গ্লিটজকে বলেন, “ইনজুরি আমার বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন কেড়ে নিয়েছে। এরপর মিডিয়াতে চলে আসি। ধারাবাহিকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও এখন আমার সব স্বপ্ন সিনেমাকে ঘিরে। আমি বড়পর্দাতেই স্থায়ী হতে চাই।”

শহীদুজ্জামান সেলিমের ‘ডিবি’ ধারাবাহিকের মাধ্যমে মিডিয়াযাত্রা শুরু করেন তিনি। এ ধারাবাহিকে ডিবি অফিসারের ভূমিকায় অভিনয় করেন মিশু। এরপর তিনি অভিনয় করেছেন আহসান হাবীবের ‘ভূতের গল্প’, সকাল আহমেদের ‘প্রবাসে পরবাসে’, মাহফুজ আহমেদের ‘মা গো তোমার জন্য’, নরেশ ভুঁইয়ার ‘শুধু তুমি’, মঞ্জুরুল আলমের ‘বন সবুজের তৃষ্ণা’ ধারাবাহিকে। দুটো টেলিফিল্মেও অভিনয় করেছেন তিনি। এগুলো হল মাহফুজ আহমেদের ‘সরীসৃপ’ এবং শাহ আলম কিরণের ‘সবাই ডাক্তার না’।

এর আগে মিশু রাজশাহী বিভাগ নারীক্রিকেট দলের হয়ে খেলেছেন দীর্ঘদিন। ঢাকায় খেলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব, ইন্দিরা রোড ক্রীড়াচক্রের নারীক্রিকেট দলে।