অদৃশ্য এমরান
নতুন সিনেমা ‘মিস্টার এক্স’-এ এক অদৃশ্য মানবের চরিত্রে অভিনয় করবেন বলিউডি অভিনেতা এমরান হাশমি।
মুম্বাই মিররের প্রতিবেদন অনুযায়ী, ইমরানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করবেন অভিনেত্রী আমিরা দাস্তুর। আমিরা এর আগে অভিনেতা প্রতীক বাব্বারের বিপরীতে অভিনয় করেছেন ‘ইসাক’-এ।
সিনেমাটির শুটিং এখনও শুরু না হলেও প্রধান ওই দুই কলাকুশলীর নাম নিশ্চিত করেছেন প্রযোজক মহেশ ভাট।
তিনি বলেন, “আমরা সবসময় নতুন শিল্পীদের খোঁজার চেষ্টা করি। কারণ মানুষ নতুন কিছু দেখতে চায়। আমিরার চলচ্চিত্রে অভিষেক খুব চমৎকারভাবে হয়েছে। তিনি খুবই বুদ্ধিমান এবং আধুনিক একজন তরুণী।”
এর আগে চলতি বছরের জুলাই মাসে নির্মাতা মুকেশ ভাট জানিয়েছিলেন, থ্রি ডি ফরম্যাটে তৈরি হবে ‘মিস্টার এক্স’। আর সিনেমাটি নির্মাণের জন্য হলিউডি টেকনিশিয়ানদের সাহায্য নিবেন তারা।
তবে কেমন হবে সিনেমার কাহিনি, তা এখনই জানাতে চান না তারা। বিষয়টি নিয়ে মহেশ বলেন, “এই সিনেমায় এমন সব দৃশ্য থাকবে যা মানুষকে রীতিমতো চমকে দেবে। ভারতের টেকনিশিয়ানদের সঙ্গে মিলে কাজ করবে ফক্স স্টুডিওর টেকনিশিয়ানরা।”
সিনেমাটির চিত্রনাট্য লিখবেন সাগুফতা রফিক; এর আগে তিনি ‘রাজ টু’, ’রাজ থ্রি’ এবং ‘আশিকি টু’র চিত্রনাট্য লিখেছেন। ‘ভিশেষ ফিল্মস’-এর প্রযোজনায় এই ‘মিস্টার এক্স’ পরিচালনা করবেন ভিকরাম ভাট।
