প্রযোজনায় অভয়
দ্বিতীয়বারের মতো কোনো সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকায়ও দেখা যাবে অভয় দেওলকে। থ্রিলার ধাঁচের সিনেমাটির নাম ‘বান্টি হান্টার’।
অভয়ের নিজস্ব প্রোডাকশন ‘আই ই ফিল্মস’এর সঙ্গে মিলে সিনেমাটি প্রযোজনা করবে প্রযোজক কলিন বরোর যুক্তরাজ্যের কোম্পানি ‘স্পেশাল ট্রিটস’।
সিনেমার পরিচালক হিসেবে থাকবেন নির্মাতা সুনন্দন এবং ইয়োগেশ ওয়ালিয়া। এর শুটিং হবে ইংল্যান্ডে।
এর আগে অভয় ‘ওয়ান বাই টু’ নামে আরও একটি সিনেমা প্রযোজনা করেছেন। রোমান্টিক কমেডি এই সিনেমা ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে।
‘ওয়ান বাই টু’ পরিচালনা করেছেন দেভিকা ভাগাত। এই সিনেমায় অভিনয় করেছেন অভয়ের বাস্তব জীবনের প্রেমিকা প্রীতি দেসাই।
এ বিষয়ে অভয় বলেন, “প্রযোজনায় আসতে পেরে আমি খুবই আনন্দিত। এখন আমি ‘ওয়ান বাই টু’ সিনেমার জন্য বিদেশের পরিবেশক খুঁজছি। এই সিনেমাতে বলিউডের সব ধরনের মাল-মসলা রয়েছে। পাশাপাশি সিনেমার কাহিনিও ভালো।”
অভয়ের সাম্প্রতিক কাজ ছিল রোমান্টিক সিনেমা ‘রানঝানা’। ওই সিনেমায় সোনাম কাপুর ও ধানুশের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
