২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন কবির গানে সুফিয়া কামাল স্মরণ

ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১৪তম প্রয়াণদিবসে নিবেদনমূলক অনুষ্ঠানে তিন কবির গান পরিবেশন করলেন মিতা হক, ইফ্ফাত আরা দেওয়ান, খায়রুল আনাম শাকিলসহ আরও অনেকে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 03:30 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

শনিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহসভাপতি ডা. সারওয়ার আলী। সুফিয়া কামাল স্মারক বক্তৃতা প্রদান করেন মফিদুল হক।

আয়োজনের দ্বিতীয় অংশে ছিল তিন কবি রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায়ের গান। শুরুতে রজনীকান্ত সেনের ‘হে-বিহ্বল, করুণা-ছলছল’ গানটি সম্মিলিত কণ্ঠে পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। দ্বিতীয় গানটিও রজনীকান্তের, সম্মিলিত কণ্ঠে গেয়ে শোনান একই শিল্পীরা। ‘আমি অকৃতি অধম’ গানটি পরিবেশন করেন এটিএম জাহাঙ্গীর।

তানিয়া মান্নানের কণ্ঠে ‘সবারে বাসরে ভালো’ গানটি পরিবেশনার মাধ্যমে শুরু হয় অতুলপ্রসাদগীতির। খায়রুল আনাম শাকিল গেয়ে শোনান ‘মম মন বিজন’। মিতা হক পরিবেশন করেন ‘আমি বাঁধিনু তোমার তীরে’ গানটি। ইফ্ফাত আরা দেওয়ান পরিবেশন করেন ‘কত গান তো হলো গাওয়া’।

অনুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে তবলা বাজিয়েছেন এনামুল হক ওমর, সুবীর ঘোষ। বেহালা বাজিয়েছেন আলমাস  আলী। কি-বোর্ড বাজিয়েছেন ইফ্তেখার হোসেন সোহেল। মন্দিরা বাজিয়েছেন প্রদীপ কুমার রায়।

অনুষ্ঠানের শেষ অংশজুড়ে ছিল দ্বিজেন্দ্রলাল রায়ের গান। সুমন মজুমদার গেয়ে শোনান ‘ঐ মহাসিন্ধুর ওপার হতে’ গানটি। একই কবির গান করেন আজিজুর রহমান তুহিন ও নাসিমা শাহীন ফ্যান্সি।