ডিজিটাল ফরম্যাটে সত্যজিৎ রায়ের সিনেমা
কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমা এবার নতুন করে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পিভিআর সিনেমা। ভারতে ডিজিটাল সংস্করণে সিনেমাগুলো মুক্তি পাবে ২০১৪ সালে।
মুম্বাই মিররের খবর অনুযায়ী, সিনেমা পরিবেশক প্রতিষ্ঠান পিভিআর সিনেমার নিজস্ব হলগুলোতে জানুয়ারি মাস থেকে প্রদর্শিত হবে সত্যজিতের সিনেমা। এর মধ্যে রয়েছে ‘চারুলতা’, ‘নায়ক’,‘কাপুরুষ ও মহাপুরুষ’, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘মহানগর’-এর মতো সিনেমা।
এ বিষয়ে পিভিআর-এর শিলাদিত্য বোরা বলেন, “নতুন প্রজন্মের ছেলেমেয়েদের অধিকাংশই শুধুমাত্র সত্যজিৎ রায়ের নাম জানে, কিংবা কেউ কেউ টিভিপর্দায় তার সিনেমা দেখেছে। বড়পর্দায় আবার তার সিনেমা মুক্তি দেওয়ার ব্যাপারটি সিনেমাপ্রেমীদের জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার হবে। আমরা তার সিনেমা ‘মহানগর’ দিয়ে এই যাত্রা শুরু করব, সিনেমাটি মুক্তি দেওয়া হবে ২০১৪ সালের জানুয়ারিতে।”
সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় এ ব্যাপারে সংবাদমাধ্যমকে বলেন, “আমি খুবই খুশি। আশা করছি বক্স অফিসে এগুলো ভালো ব্যবসা করবে।”
সিনেমাগুলো ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করেছে ‘আরডিবি এন্টারটেইনমেন্ট’। এই প্রতিষ্ঠান থেকেই প্রযোজিত হয়েছিল সত্যজিৎ রায়ের সিনেমাগুলো। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা বর্ষা বনসাল বলেন, “সবগুলো সিনেমা সংরক্ষণ করতে আমাদের সময় লেগেছে প্রায় দেড় বছর।”
ভারতের প্রধান কয়েকটি শহরের ১২ থেকে ১৫টি সিনেমাহলে দেখানো হবে চলচ্চিত্রগুলো।
দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালুরু, আহমেদাবাদ এবং পুনে শহরে চলবে সত্যজিৎ রায়ের সিনেমা।
