আসছে ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড টু’
সাড়া জাগানো হলিউডি সিনেমা ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০১৬ সালে।
দ্য প্লেলিস্ট জানায়, ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড টু’-এর অ্যালিস চরিত্রে অভিনয় করবেন মিয়া ওয়াজিকস্কা এবং হ্যাটম্যানের চরিত্রে থাকছেন জনি ডেপ। তবে পরিচালক হিসেবে কে থাকছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি।
বর্তমানে সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ চলছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। চিত্রনাট্য রচনা করছেন মূল সিনেমার চিত্রনাট্যকার লিন্ডা উলভার্টন।
২০১৬ সালের ২৭ মে সিনেমাটি মুক্তি পাবে। তবে এখনও এর কাহিনি নিয়ে মুখ খোলেননি নির্মাতারা।
অন্যদিকে ২০১৫ সালে জনি ডেপ অভিনীত পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান সিরিজের ‘পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান: ডেড ম্যান টেল নো টেলস’ মুক্তি পাবে। ওই বছরই আরও কয়েকটি সিনেমার তালিকায় থাকছে রন হাওয়ার্ড পরিচালিত ‘ইন দ্য হার্ট অফ দ্য সি’ এবং জন ফাভরু পরিচালিত ‘জাঙ্গাল বুক’।
ওয়াল্ট ডিজনির ব্যানারে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ সিনেমায় অভিনয় করেছিলেন জনি ডেপ, মিয়া ওয়াজিকস্কা, অ্যান হ্যাথওয়ে ও হেলেনা বনহাম কার্টার।
