স্টার সিনেপ্লেক্সে ‘প্যাসিফিক রিম’
ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনি ও অ্যাকশননির্ভর সিনেমা ‘প্যাসিফিক রিম’। জাপানি অ্যানিমেশনের হলিউডি সংস্করণ এটি।
২২ নভেম্বর থেকে স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে সিনেমাটি।
সিনেমাটির পরিচালক গুয়েলরেমো দেল তোরো। এর প্রধান চরিত্র ‘রাইলি বেকেট’-এর ভূমিকায় অভিনয় করেছেন চার্লি হান্নাম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জাপানি অভিনেত্রী রিঙ্কো কিকুচি (মাকো মরি), ইদ্রিস এলবা (ইস্টাকের পেন্টাকস্ট), বার্ন গুরমান (ড. হেরমান গাটিলেব), চার্লি ডে (ড. নিউটন গ্লেসার) প্রমুখ।
পরিচালক গুয়েলরেমো দেল তোরো অ্যাকশনের পাশাপাশি মানবিক অনুভূতির সমন্বয় ঘটিয়েছেন সিনেমার গল্পে। ব্যক্তিগত ট্র্যাজেডি, নিজেকে প্রমাণ না করতে পারার কষ্ট, এসবের পাশাপাশি রোমাঞ্চ ও কমেডিও রয়েছে সিনেমাতে।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দীন আহমেদ জানিয়েছেন, ১৯ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ‘প্যাসিফিক রিম’ চলতি বছর ১২ জুলাইতে মুক্তির প্রথম সপ্তাহেই প্রায় ৩.৮ কোটি ডলার ঘরে তুলেছে। গত সপ্তাহ পর্যন্ত এর আয় দাঁড়িয়েছে ৪০.৭ কোটি ডলারের বেশি।
