ফিরছে ভাইকিংস
দীর্ঘ এক যুগ পর সরব হচ্ছে ব্যান্ডদল ভাইকিংস। ডিসেম্বরে প্রকাশিত হবে তাদের তৃতীয় একক অ্যালবাম ‘ভাইকিংস ফিচারিং- রান আউট’।
গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন ব্যান্ডের ভোকালিস্ট তন্ময় তানসেন।
তন্ময় গ্লিটজকে জানান, তার পরিচালিত ‘রান আউট’ সিনেমার সবগুলো গান গেয়েছে ভাইকিংস। এ সিনেমার গানগুলো নিয়েই প্রকাশিত হবে অ্যালবামটি।
তন্ময় বলেন, “নানা ব্যস্ততার কারণে অ্যালবাম প্রকাশের মতো সময় হয়ে উঠেনি আমাদের। এবার যখন সিনেমা পরিচালনা শুরু করলাম, তখন ঠিক করলাম এ সিনেমার সবগুলো গান করবে ভাইকিংস। এবার শ্রোতাদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হব আমরা।”
তন্ময় জানিয়েছেন, ‘রান আউট’ সিনেমার টাইটেল সং ‘অপেক্ষা কবে জোছনা আসবে’ শিরোনামের গানটি গেয়েছেন তিনি। এছাড়া ব্যান্ডের গিটারিস্ট সেতুর লেখা ‘ভুলের আহ্বান’ গানে ভাংকিংস সদস্যদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণা। আরও একটি গানে কণ্ঠ দিবেন এলিটা করিম।
তন্ময় তাসসেনের পরিচালনায় ২০১৪ সালের ভালোবাসা দিবসে মুক্তি পাবে ‘রান আউট’ সিনেমাটি। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন সজল ও মৌসুমী নাগ।
